২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ঝুঁকিতে অ্যাডোবি ফ্ল্যাশ

অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের নিরাপত্তা ব্যবস্থায় নতুন দুর্বলতা আবিষ্কার করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। ওই দুর্বলতার সুযোগ নিয়ে একদল সাইবার গুপ্তচর বিভিন্ন দেশের সরকার, নেটো এবং মিডিয়ার উপর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন তারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 01:31 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাসিক সিকিউরিটি আপডেট উন্মুক্ত করার এক দিন নিরাপত্তা ব্যবস্থায় নতুন দুর্বলতার খবর নিশ্চিত করলো অ্যাডোবি কর্তৃপক্ষ। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য তৈরি অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সবগুলো সংস্করণেই ওই দুর্বলতা রয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ সিকিউরিটি বাগটি মোকাবেলা করতে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহেই নতুন সিকিউরিটি আপডেট ইসু করা হবে বলে নিশ্চিত করেছে অ্যাডোবি। ওই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা অপারেটিং সিস্টেম ক্র্যাশ করাতে এবং নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে বলে সতর্ক করে দিয়েছে প্রতিষ্ঠানটি। 

ক্যালিফোর্নিয়ার স্যান হোসেভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি সদস্য আবিষ্কৃত এই দুর্বলতা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

অন্যদিকে দুর্বলতাটির আবিষ্কারক গবেষকরা বলছেন সাইবার গুপ্তচরদের দল ‘পন স্টর্ম’ এটির সুযোগ নিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। ২০০৭ সাল থেকে কাজ করছে হ্যাকারদের এই দলটি যাদের সাইবার গুপ্তচরবৃত্তির শিকার হয়েছে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ একাধিক নেটোভুক্ত দেশ।