অক্টোবরেই ‘ওয়ানপ্লাস এক্স’
অক্টোবরে মাসেই বাজারে অভিষেক হচ্ছে চীনের আলোচিত স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাসের তৈরি নতুন ‘ওয়ানপ্লাস এক্স’ স্মার্টফোন। বিভিন্ন সূত্রের মাধ্যমে ওয়ানপ্লাস নিজেদের তৃতীয় স্মার্টফোন নিয়ে আকারে ইঙ্গিতে নানা আভাস দিচ্ছিল বেশ কিছু দিন ধরেই। এর মধ্যেই প্রতিষ্ঠানটির চায়নিজ ব্লগে সরাসরি ঘোষণা চলে এসেছে—২৯ অক্টোবর আসছে নতুন ‘ওয়ানপ্লাস এক্স’ স্মার্টফোন।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ানপ্লাসের সিইও কার্ল পেই অগাস্ট মাসেই জানিয়েছিলেন, চলতি বছরেই উন্মোচন করা হবে প্রতিষ্ঠানটির তৃতীয় স্মার্টফোন। সর্বশেষ ওয়ানপ্লাসের লন্ডন ইভেন্টেও চোখে পরার মতো উপস্থিতি ছিল ‘এক্স’ সাইন আর ২৯ অক্টোবর তারিখটি।
ওয়ানপ্লাস এক্সের কোনো বিস্তারিত জানা না গেলেও দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে স্মার্টফোনটি দেখলে মনে হবে যেন আইফোনের নতুন ও পুরানো সংস্করণগুলোর সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে এটি।
স্মার্টফোনটির হার্ডওয়্যার নিয়ে যে সীমিত পরিমাণ তথ্য পাওয়া গেছে, সেই অনুযায়ী ১.৯ গিগাহার্টজের প্রসেসর, এলটিই, ব্লুটুথ, জিপিএস আর ওয়াইফাই সংযোগ থাকবে এতে।
ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন নির্মাতা হিসেবে ওয়ানপ্লাসের লক্ষ্য খুবই সহজ। সাশ্রয়ী দামে ‘প্রিমিয়াম স্মার্টফোন’ বিক্রি করতে চায় প্রতিষ্ঠানটি।
ওয়ানপ্লাসের তৈরি দ্বিতীয় স্মার্টফোন ওয়ানপ্লাস ২ বেশ সমাদৃত হলেও সরবরাহ ব্যবস্থার দেরির কারণে বিব্রবকর অবস্থায় পরতে হয়েছিল ওয়ানপ্লাস কর্তৃপক্ষকে। শেষে জনসমুক্ষে ক্রেতাদের কাছে ক্ষমা চেয়েছিলেন ওয়ানপ্লাস প্রধান কার্ল পেই।
