ফেইসবুকে আসছে আরও ‘ভিডিও’ ফিচার
ব্যবহারকারীদের নিউজ ফিডে বেশ কিছু সংখ্যক পরীক্ষামূলক ভিডিও ফিচার আসছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। প্রতিষ্ঠানটি মঙ্গলবার এক ঘোষণায় পরীক্ষামূলক এসব ভিডিও ফিচার আনার ব্যাপারে ঘোষণা দিয়েছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এই ভিডিও ফিচারগুলো বর্তমানে পরীক্ষার প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নতুন ভিডিও ফিচারগুলোর প্রসঙ্গে ফেইসবুকের সেবা পরিচালনা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট উইল ক্যাথকার্ট জানিয়েছেন, ব্যবহারকারীদের ভিডিও দেখাকে আরও সহজ করে তোলার লক্ষ্যেই নতুন ফিচারগুলো নিয়ে আসা হয়েছে।
নতুন ভিডিও ফিচারগুলোর মধ্যে একটি হচ্ছে, পিকচার-ইন-পিকচার ভিডিও ফিচার। এই ফিচারটির মাধ্যমে ভিডিও দেখার সময় নিউজ ফিডও স্ক্রল করতে পারবেন ব্যবহারকারীরা।
এ ছাড়াও বেশ কিছুদিন ধরেই ফেইসবুক ‘সাজেস্টেড ভিডিওস’ নামের একটি ফিচার পরীক্ষা করছে। বর্তমানে আইফোনের বিভিন্ন মডেলে এই ফিচারটির পরীক্ষা সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে ওয়েব এবং অ্যান্ড্রয়েডেও ফিচারটি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ফেইসবুক। এসব বাদেও লাইভ ভিডিও এবং ৩৬০ ডিগ্রি ভিডিও নামের ফিচারও পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
ম্যাশএবলের তথ্য অনুসারে, সাম্প্রতিক এই আপডেটগুলোই প্রমাণ করে ভিডিওর বিষয়টি ফেইসবুক কর্তৃপক্ষ বেশ গুরুত্বসহকারে নিয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও অন্যান্য নির্বাহীরা ভিডিওকে ফেইসবুকের ভবিষ্যত হিসেবে দেখছেন।
বর্তমানে ফেইসবুকে প্রতিদিন তিনশ’ কোটিরও বেশি ভিডিও দেখা হয় বলেই জানিয়েছে ম্যাশএবল।
