২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বাড়ছে গেইমিং শিল্পে

ছোট ছোট স্টার্ট-আপ প্রতিষ্ঠানগুলো যেন এক সময় গেইমিংয়ের বিশ্ব বাজারের জন্য নতুন নতুন ব্লকবাস্টার গেইম তৈরি করতে পারে সেই লক্ষ্য নিয়ে ৪০ লাখ পাউন্ডের তহবিল সরবরাহ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2015, 08:04 AM

Updated : 22 Aug 2022, 01:29 PM

বিবিসি জানিয়েছে, আগামী ৪ বছরে বিভিন্ন প্রতিশ্রুতিশীল গেইমিং প্রকল্প ২৫ হাজার পাউন্ডেরও বেশি সাহায্য পাবে ‘ভিডিও গেইমস প্রোটোটাইপ ফান্ড’ থেকে। এর ফলে যুক্তরাজ্যের গেইমিং শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গেইমিং শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ এই নতুন তহবিল গঠন।

গেল বছর গেইম ডেভেলপারদের করের পরিমাণ হ্রাস করেছে দেশটির সরকার। ফলে গেইমের নির্মাণ খরচের ২৫ শতাংশ পর্যন্ত ছাড় হিসেবে দাবি করতে পারবেন দেশটির গেইম ডেভেলপাররা।

যুক্তরাজ্যের সংস্কৃতি ও ডিজিটাল অর্থনীতিবিষয়ক মন্ত্রী এড ভাইজে এই প্রসঙ্গে বলেন, “আন্তজাতিক বাজারে ব্রিটেনে তৈরি গেইমগুলো ভালো অবস্থানে আছে। এর উপরই আমাদের কাজ করা উচিত এবং প্রতিভার ক্ষমতা বাড়াতে আরও বিনিয়োগ করা উচিত।”

“এই তহবিল ছোট ব্যবসা প্রতিষ্ঠান, স্টার্ট-আপ এবং একক ডেভেলপারদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে যা তাদের ব্যক্তিগত পর্যায়ের বিনিয়োগ পেতে সাহায্য করবে আর তারাই ভবিষ্যতে বিশ্ববাজারের জন্য ব্লকবাস্টার গেইম তৈরি করতে পারবে।”—যোগ করেন তিনি।