২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২জি’র জন্য নতুন নিউজ ফিড

ধীর গতির ২জি সংযোগের জন্য মোবাইল নিউজ ফিডের নতুন ডিজাইন করেছে সামাজিক যোগাযোগরে শীর্ষ মাধ্যম ফেইসবুক। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন মোবাইল নিউজ ফিডের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 01:29 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুকের যে মোবাইল অ্যাপটির বহুল প্রচলন রয়েছে সেটি সবচেয়ে বেশি কার্যকর উচ্চ গতির ওয়াই-ফাই, এলটিই এবং ৩জি সংযোগের মাধ্যমে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনও ৩জি সংযোগের বহুল প্রচলন নেই। অনেক দেশের ব্যবহারকারীরাই এখনও ২জি সংযোগের উপর নির্ভরশীল। আর ওই বাজারগুলোয় ফেইসবুকের মোবাইল অ্যাপ ব্যবহার সহজ করতেই নতুন মোবাইল নিউজ ফিড তৈরি করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

ম্যাশএবল জানিয়েছে, এ লক্ষ্যে ফেইসবুক একটি ওপেন সোর্স ‘নেটওয়ার্ক কানেকশান ক্লাস’ তৈরি করেছে যে ইন্টারনেট সংযোগের গতি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে প্রয়োজন মতো নিউজ ফিড সাজাবে।

ইন্টারনেট সংযোগের গতি ধীর হলে, ভিডিওর বদলে বেশি বেশি টেক্সট স্ট্যাটাস আর লিংক দেখতে পাবেন ব্যবহারকারী। আবার ব্যবহারকারী কোনো বন্ধুর স্ট্যাটাস পড়ার জন্য থামলে ওই সময়ের মধ্যে আরও কনটেন্ট লোড হবে স্বয়ংক্রিয়ভাবে।

এ ছাড়াও ব্যবহারকারী আগে থেকে কনটেন্ট ডাউনলোড করে রাখতে পারবেন, ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও পড়া যাবে বন্ধুদের স্ট্যাটাস।

চলতি বছরের গ্রীষ্মেই ২৪ ঘন্টায় ১০০ কোটি ব্যবহারকারী লগইন করার মাইলফলক ছুঁয়েছে ফেইসবুক। তবে ওই ১০০ কোটি ব্যবহারকারীর মতো বিশ্বের বাকি ব্যবহারকারীরা যে দ্রুত গতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না সেটা প্রতিষ্ঠানটির জানা আছে— মন্তব্য করেছে ম্যাশএবল। আর তাই ২জি সংযোগের জন্য মোবাইল নিউজ ফিড নতুন করে ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সাইটটি।