২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলার শিকার থাই সরকার

ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের শিকার হয়েছে থাই সরকারের একাধিক ওয়েবসাইট। বুধবার ডিডিওএস আক্রমণের কারণে সাইটগুলো স্থানীয় সময় ১০টায় বন্ধ হয়ে যায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 01:22 PM

বিভিন্ন ওয়েবসাইটে থাই ব্যবহারকারীদের প্রবেশের উপর কড়কড়ি আরোপে থাই সরকারের পরিকল্পনার প্রতিবাদ হিসেবে ওই সাইবার আক্রমণ চালানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। থাই সরকারের ওই পরিকল্পনার বিরুদ্ধে পিটিশনে স্বাক্ষর করেছেন দেশটির হাজারো নাগরিক।

‘দ্য গ্রেট ফায়ারওয়াল অফ থাইল্যান্ড’ বলে চিহ্নিত করা হচ্ছে ইন্টারনেটের উপর থাই সরকারের কড়াকড়ি আরোপের ওই পরিকল্পনাকে।

২০১৪ সালের সামরিক অভ্যুথানে ক্ষমতায় পালাবদলের পর থাইল্যান্ডের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার উপর বেশ কড়াকড়ি আরোপ করেছে দেশটির সামরিক শাসক গোষ্ঠী। আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে সামরিক শাসনের সমালোচকদের বিরুদ্ধেও।

ইন্টারনেটের উপর নতুন করে কড়াকড়ি আরোপের লক্ষ্যে দেশটির সরকারের পরিকল্পার খবর ফাঁস হয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক গোপন নথি বেহাত হয়ে এক থাই প্রোগ্রামারের হাতে পৌঁছানোর পর ফাঁস হয়ে যায় থাই সরকারের পরিকল্পনা। “অনুপযোগী ওয়েবসাইট এবং অন্যান্য দেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে আসা তথ্য নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে একটি ‘সিঙ্গেল গেটওয়ে’ তৈরি করা হবে”—বলা হয়েছে ওই নথিতে।

ওই নথির খবর ফাঁস হওয়ার পরই ডিডিওএস আক্রমণের শিকার হল থাই সরকারের একাধিক ওয়েবসাইট। থাই সংবাদপত্র ব্যাংকক পোস্ট জানিয়েছে সাধারণ ব্যবহারকারীদের সাইবার আক্রমণে অংশ নিতে আহ্বান জানানো হয় বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। ওয়েব পেইজগুলো রিফ্রেশ করার জন্য বারবার এফ৫ কি চাপতে পরামর্শ দেওয়া হয় তাদের।