অধিকাংশের নাগালের বাইরে আইফোন
সম্প্রতি বিশ্বব্যাপী ৭১টি শহরের গ্রাহকদের ১৬ জিবি আইফোন ৬ কেনার সামর্থ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস। বিশ্বের অনেক শহরেই নাগরিকদের পক্ষে অ্যাপল নির্মিত ডিভাইস কেনা বেশ কষ্টসাধ্য বলে প্রতিবেদনটির মাধ্যমে জানা যায়।
সিএনএন জানিয়েছে, সবচেয়ে কম পরিশ্রম করে আইফোন ৬ কিনতে পারবেন জুরিখে বসবাসকারী গ্রাহকরা। এক্ষেত্রে কর্মস্থলে ২১ ঘন্টারও কম কাজ করে পাওয়া আয় দিয়ে এই ডিভাইসটি কেনা যাবে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন সাধারণ নাগরিক মাত্র তিন দিন কাজ করার মাধ্যমে আইফোন ৬ কিনতে পারবেন। বেইজিংয়ের বাসিন্দাদের জন্য সংখ্যাটা ২৭ দিন।
লন্ডনবাসীদের ক্ষেত্রে ৪১ ঘন্টা কাজ করার পর এই ফোনটি কেনার আশা করা যেতে পারে। অন্যদিকে মেক্সিকোতে বসবাসকারীরা গড়ে ২০০ ঘন্টারও বেশি পরিশ্রম করে আইফোন ৬ কিনতে পারবেন।
এক্ষেত্রে প্রকাশিত তালিকায় সবার শেষে রয়েছে ইউক্রেইনের রাজধানী কিয়েভ। আইফোন কিনতে একজন কিয়েভবাসীকে প্রায় ৬২৭ ঘন্টা অথবা ৭৮ দিন কাজ করতে হবে বলে জানিয়েছে সিনেট।
সিএনএন জানিয়েছে, উচ্চমূল্যের কারনে পৃথিবীর অনেক শহরেই অ্যাপলকে হটিয়ে অন্যান্য প্রতিষ্ঠান বাজার দখল করে নিয়েছে।
ভারতে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করে দেশটির ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান 'মাইক্রোম্যাক্স'। বর্তমানে ভারতে অ্যাপল স্টোরই নেই বলে জানিয়েছে সাইটটি।
অন্যদিকে চীনের বাজারে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে শিয়াওমি। চলতি বছরে ২৪ ঘন্টায় ২১ লাখেরও বেশি স্মার্টফোন বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে ট্যাক্সসহ ১৬ জিবি মেমরির একটি আইফোন ৬-এর মূল্য ১২ মাসের কিস্তিতে আসে ৭৩,৮২৫ টাকা। এখন হিসেব করে দেখতে পারেন মাসিক আয় হিসেবে আইফোন ৬-এর মূল্য আপনার কয়দিনের আয়ের সমান।
