২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের সেরা সাত ‘কনসেপ্ট’ গাড়ি

সম্প্রতি জার্মানিতে শেষ হয়েছে ২০১৫ সালের ফ্রাংকফুর্ট অটো শো। অটো শো’টিতে নানা ধরনের নতুন গাড়ির পাশাপাশি বেশ কিছু সংখ্যক ‘কনসেপ্ট’ গাড়িও দেখিয়েছে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 12:20 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

এবারের ফ্রাংকফুর্ট অটো শোতে প্রদর্শিত সেরা সাতটি কনসেপ্ট গাড়ির তালিকা এক প্রতিবেদনে প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। এক নজরে দেখে নেয়া যাক ম্যাশএবলের সে তালিকাটি-

১. পোর্শ মিশন ই

সেরা কনসেপ্ট গাড়ির তালিকার শীর্ষে রয়েছে পোর্শ মিশন ই। আকর্ষনীয় বাহ্যিক গঠন থেকে শুরু করে একটি কনসেপ্ট গাড়িতে যা যা থাকা প্রয়োজন, সেগুলোর সবই রয়েছে এতে। ছয়শ’ হর্স পাওয়ারের ইলেকট্রিক শক্তিচালিত এ গাড়িটি মাত্র সাড়ে তিন সেকেন্ডেই শূণ্য থেকে ৬২ এমপিএইচ গতিতে ছুটতে পারবে বলেই জানিয়েছে ম্যাশএবল। আটশ-ভোল্ট পাওয়ারট্রেইনের পোর্শ মিশন ই একবারের চার্জেই ৩১০ মাইল পর্যন্ত ছুটতে সক্ষম।

২.অডি ই-ট্রন কুয়াট্রো

পোর্শ মিশন ই এর মতো অডি ই-ট্রন কুয়াট্রো গাড়িটিও একবারের চার্জে ৩১০ মাইল পর্যন্ত ছুটতে পারবে। ম্যাশএবলের তথ্য অনুসারে, ইলেকট্রিক শক্তিচালিত এ গাড়িটি দুটি ইঞ্জিনের সাহায্যে পাঁচশ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম এবং শূণ্য থেকে ৬২ এমপিএইচ গতিতে আসতে গাড়িটির সময় লাগবে মাত্র ৪.৬ সেকেন্ড।

৩. মার্সিডিজ-বেনজ আইএএ

ম্যাশএবলের তথ্য অনুসারে, পোর্শ এবং অডির কনসেপ্ট গাড়ির সবকিছুই রয়েছে মার্সিডিজ-বেনজ আইএএ গাড়িটিতে। কিন্তু সেগুলো বাদেও এর প্রকৌশলীরা গাড়িটিতে বাড়তি কিছু সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, প্রকৌশলীরা চেষ্টা করেছেন গাড়িটিকে ‘ট্রান্সফর্মেবল বডি’ দিতে, অর্থ্যাৎ চালক চাইলে একটি বাটনের মাধ্যমেই গাড়িটির আকার কিছুটা বড় বা ছোট করতে পারবেন।

৪. বুগাটি ভিশন গ্রান টুরিসমো

ম্যাশএবলের তৈরি সেরা সাত কনসেপ্ট গাড়ির তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বুগাটি ভিশন গ্রান টুরিসমো। এই কনসেপ্ট গাড়িটির ইঞ্জিন ১৫০০ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারবে এবং শূণ্য থেকে ৬২ এমপিএইচ গতিতে আসতে গাড়িটির সময় লাগবে মাত্র ২.৩ সেকেন্ড এবং এতে সর্বোচ্চ ২৮৮ এমপিএইচ গতি উঠানো সম্ভব হবে।

৫. সিট্রোয়েন ক্যাকটাস এম

ম্যাশএবল জানিয়েছে, এই কনসেপ্ট গাড়িটি তাদের তালিকার অন্যান্য গাড়ি থেকে সম্পূর্ন ভিন্ন। ছুটি কাটানো বা ঘোরার জন্য যে ধরনের বাহন প্রয়োজন, ক্যাকটাস এম ঠিক সে ধরনের একটি গাড়ি।

৬. হোন্ডা প্রজেক্ট ২&৪

ম্যাশএবলের তথ্য অনুসারে, মোটরসাইকেল এবং স্পোর্টস গাড়ির সবচেয়ে ভালো যন্ত্রাংশগুলো নিয়ে এই কনসেপ্ট গাড়িটি তৈরি করা হবে। এর ইঞ্জিন ২১২ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারবে এবং গাড়িটির ওজন হবে ৮৮০ পাউন্ড।

৭. নিসান গ্রিপজ

একই গাড়ি যদি কাজের জন্য এবং অ্যাডভেঞ্চারধর্মী ছুটি কাটানোর জন্য ব্যবহার করা সম্ভব হয়, তাহলে কেমন হয়? ম্যাশএবল জানিয়েছে, ঠিক এ ধরনের চিন্তাধারা থেকেই ডিজাইনাররা এই কনসেপ্ট গাড়িটি ডিজাইন তৈরি করেছেন। মটোরে যাতে মূহূর্তের মধ্যে ইলেকট্রিসিটি পাঠানো সম্ভব হয়, সেজন্য গাড়িটিতে গ্যাসোলিন ইঞ্জিন রাখা হয়েছে।