লোয়েবনার জিতল চ্যাটবট ‘রোজ’
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা ‘লোয়েবনার প্রাইজ ইন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স’-এ তিন প্রতিযোগীকে হারিয়ে বিজয়ী হয়েছে চ্যাটবট ‘রোজ’। তবে বিজয়ী হলেও প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রাখা সংরক্ষিত অর্থ পাবে না চ্যাটবটটি।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘লোয়েবনার প্রাইজ ইন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স’-এর নিয়ম অনুসারে, প্রতিযোগিতায় মানুষ ও চ্যাটবটের সঙ্গে কথা হয় বিচারকদের। ওই কথোপকথনের সময় কোনো চ্যাটবটকে যদি বিচারকরা মানুষ মনে করে ভুল করেন, তাহলে সেই চ্যাটবটটি এক লাখ ডলার পুরস্কার পায়।
বিচারকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগী বটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো করেছে রোজ। কিন্তু বিচারকরা চ্যাটবট হিসেবে চিহ্নিত করতে পারায়, রোজ এক লাখ ডলারের পুরস্কার পাবে না বলেই জানিয়েছে। আর বিচারকদের প্রশ্নের স্বচ্ছতা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন রোজের নির্মাতা ব্রুস উইলকক্স।
বিবিসির তথ্য অনুসারে, বিচারক বাদেও রোজের সঙ্গে কথা বলেছেন ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদক রোরি সেলান-জোনস। ওই সময় রোজের সঙ্গে খেলাধুলা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাড়ি ইত্যাদি নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
সেসময় রোজের কথায় বেশ কিছু সংখ্যক অসংলগ্নতা ধরা পরে। উদাহরণ হিসেবে বলা যায়, রোজকে কয়েকবার তার শৈশব নিয়ে প্রশ্ন করা হলেও, সে ব্যাপারে কোনো উত্তর দেয়নি রোজ, উল্টো নিজের মতো করেই কথোপকথন চালিয়ে গেছে। এ ছাড়াও কথোপকথনের কিছু স্থানে বেশ পরিষ্কারভাবেই বোঝা গেছে রোজ কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট মাত্র।
