২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে কৃত্রিম আলোর গুরুত্ব

দৈনন্দিন জীবনে আমাদের কৃত্রিম আলোর ব্যবহার দিন দিন বাড়ছে। এ আলোর খেলায় এখন মানুষ চাইলে তাদের ঘুম থেকে শুরু করে নিজের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবে। চিকিৎসা বিজ্ঞানের বড় এক উপকরণ হিসেবেও আত্মপ্রকাশ করেছে বৈদ্যুতিক বাতিগুলো।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোর্টোলা ভ্যালির ট্রেসি মিজরাকি ক্রাফট তার শিশুর ঘুম নিয়ে বেশ চিন্তিত ছিলেন। ডাক্তারের কাছে যাওয়ার পর তাকে একটি বাল্ব ধরিয়ে দেওয়া হয়। ‘স্লিপি বেইবি’ নামের এই ছোট অ্যাম্বার বাল্বের বদৌলতে ১৬ মাসের ওই শিশুর ঘুম নিশ্চিত হয়।

অফিস, বাসা, হোটেল বা স্কুলের প্রচলিত বাল্বগুলোর জায়গায় এ বাল্ব বৈপ্লবিক পরিবর্তন আনছে। ঘুমাতে, সতর্ক করতে বা মানুষের মনের অবস্থা ঠিক রাখতে সহায়তা করছে এমন বাতিগুলো।

রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের আলো গবেষণা কেন্দ্রের আলো ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রধান মারিয়ানা ফিগুয়েইরো বলেন, “বৈদ্যুতিক বাতির গুরুত্ব এখন আর শুধু সিলিংয়ের সঙ্গে আটকে থাকার মধ্যে সীমাবদ্ধ নেই।”

বিভিন্ন মাত্রা ও রঙয়ের আলো মানুষের শরীরের উপর শক্তিশালী প্রভাব রাখতে পারে—বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন অনেক আগেই। কিন্তু এ ধারণা শুধু দামি বাতিগুলোর জন্যই প্রযোজ্য ছিল। এগুলোর দাম অনেক সময় ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে।

সাম্প্রতিক সময়ে আলোক প্রযুক্তি বিশেষ করে এলইডি অনেক বেশি বাস্তবধর্মী ও কমদামী হয়ে উঠছে। নির্মাতা প্রতিষ্ঠানগুলো সাধারণ গ্রাহকদের জন্য তথাকথিত ‘বায়োলজিক্যাল লাইটিং’ বানানোর চেষ্টা করছে।

'স্লিপি বেইবি' নামের এই বাতি বানিয়েছে দ্যা লাইটিং সায়েন্স গ্রুপ। বিশ্রাম আর সতর্কতা বাড়ায় এমন আলোক উৎসের ক্রমবর্ধমান বাজারের আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি।

স্টার্ট-আপ থেকে শুরু করে উৎপাদনকারী পর্যন্ত অন্যান্য প্রতিষ্ঠানগুলো একই রকম পণ্য নিয়ে কাজ করছে। চলতি বছর জেনারেল ইলেকট্রনিক্স রং বদলায় এমন এলইডি লাইট আনার ঘোষণা দিয়েছে। এটি অ্যাপলের হোমকিট সিস্টেমেরে সঙ্গে সমন্বয় করে চলতে পারবে।

বছর দুই আগে, ওয়াই-ফাই সংযুক্ত 'হিউ' নামের একটি বাল্ব উন্মোচন করেছিল ফিলিপস। যা অ্যাপল সিস্টেমের সঙ্গে মিলে কাজ করতে পারে।

বাসা ও অফিসে আলো সমন্বয় করার জন্য অ্যাপ নির্মাণ করে লুমিফাই নামের এক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্থপতি ও আলোক নকশাকারী ব্রিট্রিস উইটজগাল বলেন, "বাজারে যে বাল্বগুলো আসছে এগুলোর মাধ্যমে, আপনি এখন আরও উন্নত আলো নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন, এগুলো খুবই সাশ্রয়ী এবং সবার হাতে হাতে পৌঁছানোর মতো। এটি একটি বিশাল বিপ্লব।"

গ্রাহকদের কথা মাথায় রেখে বানানো নতুন এই বাতিগুলো মানুষের শরীরের মৌলিক চাহিদা থেকে শুরু করে বিশ্রাম ও ঘুম থেকে উঠা নিয়ন্ত্রণ করতে পারে। ক্ষুদ্র-তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো গ্রাহকের শরীরে ঘুম আনার মেলাটনিন হরমোন নিঃসরণ বন্ধ করে। একারণে উন্নত প্রযুক্তির সাদা বাতিগুলোতে সন্ধ্যার পর নীল বর্ণালী বাড়ানো হয় যাতে কারও ঘুম না আসে। ড. ফিগুয়েইরো জানিয়েছেন, লাল আলো মেলাটনিন নিঃসরণ বন্ধ না করে শক্তি সরবরাহ করে। তবে তার এক শিক্ষার্থীর করা এক গবেষণা প্রকল্পে দেখা যায়, রঙয়ের চেয়ে আলোর তীব্রতা শক্তি সরবরাহে বেশি প্রভাব রাখে।

ব্রিগহ্যাম আর বস্টন উইমেন'স হসপিটালের 'স্লিপ ও সার্কাডিয়ান ডিজঅর্ডার' বিভাগের প্রধান ও হার্ভার্ড মেডিক্যাল স্কুলের ঘুমের ঔষধবিষয়ক অধ্যাপক ড. চার্লস সিজলার বলেন, "গত ৫০ বছরে আমরা মাথাপিছু কৃত্রিম আলো ব্যবহারের পরিমাণ বাড়িয়েছি দশগুণ, তাই সূর্যাস্তের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত সবকিছু এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জল থাকে।"

কীভাবে আলোক বর্ণালী আর তীব্রতা মানুষের মস্তিষ্কে প্রভাব রাখে- তা নিয়ে এখনও কাজ করছেন গবেষকরা। আর শুধু ঘুমের জন্যই নয়, সেই সঙ্গে সতর্কতা বাড়ানো, পড়াশুনায় সহায়ক ও উৎপাদন ক্ষমতা বাড়ায় এমন আলো নিয়েও ভাবছেন তারা।

গ্রাহকরা এধরনের বাতি তাদের সাধ্যের মধ্যে পাবেন কি না তা নির্ভর করবে তাদের প্রাধান্যের উপর। হিউয়ের স্টার্টার প্যাকে তিনটি বাতি ও ওয়াই-ফাই রাউটারের সঙ্গে সংযোগ দিতে একটি হাব ছিল, আর এর দাম ছিল প্রায় ২শ' ডলার। আর আলাদা কিনলে এ বাল্বগুলোর প্রতিটির দাম পড়ত প্রায় ৬০ ডলার।

দ্যা লাইটিং সায়েন্স গ্রুপ এক্ষেত্রে দাম আরও কমিয়ে আনতে চায়। স্লিপি বেইবির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ৩০ ডলার। এক্ষেত্রে মা-বাবাদের প্রধান ক্রেতা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।