২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় অ্যান্টিট্রাস্টের মুখে গুগল

গুগলের বিরুদ্ধে রাশিয়ার বাজারের প্রতিযোগিতাবিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সোমবার এ টেক জায়ান্টের বিরুদ্ধে এমন অভিযোগ আনে রাশিয়ান অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বাজারে আধিপত্যকে কাজে লাগিয়ে গুগল তাদের মোবাইল অপারেটিং সিস্টেমে অবিচার করছে বলে জানিয়েছে রাশিয়ান কর্মকর্তারা। গুগল অ্যান্ড্রয়েডে ইয়ান্ডেক্সের মতো রাশিয়ান প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর সেবার চেয়ে নিজেদের সেবাকে বেশি প্রাধান্য দেয় বলে অভিযোগে বলা হয়।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শুরুতে ইয়ানডেক্স দেশটির বাজার প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে গুগলের নামে অভিযোগ আনে। অ্যান্ড্রয়েডে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানের অফারগুলো দেওয়া যায় না বলে এ অভিযোগে দাবি করে রাশিয়ান মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এরপর থেকেই গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দশদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে। এ রায়ের বিপরীতে গুগলের আপিল করার সুযোগ থাকলেও যদি এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে, তবে অ্যান্ড্রয়েডে দেওয়া সার্ভিসগুলোর ক্ষেত্রে পরিবর্তন আনতে বাধ্য করা হবে প্রতিষ্ঠানটিকে।

সোমবার এ অভিযোগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি গুগল। মন্তব্যের বিষয়ে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, “আমরা এটি নিয়ে চিন্তা-ভাবনার পর আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করে তারপর মন্তব্য করব।”

অন্যদিকে, কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইয়ানডেক্স।

ইউরোপীয় ও অন্যান্য আন্তর্জাতিক অ্যান্টিট্রাস্ট ওয়াচডগগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে— মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস।

ইউরোপে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিন, আর অ্যান্ড্রয়েডে প্রতিদ্বন্দীদের সঙ্গে অবিচার করার মতো প্রায় একই ধরনের অভিযোগ আনা হয়েছে। দক্ষিণ আমেরিকা আর এশিয়ার আন্তর্জাতিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের কাছ থেকে ডেটা সংগ্রহের উপায় নিয়ে তদন্ত করছে।

দেশিয় মামলাগুলোর ক্ষেত্রে গুগল বাজারের প্রতিযোগিতার ক্ষেত্রে আইন লঙ্ঘন করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।