হাসি ‘বাড়িয়ে’ বিপাকে অ্যাপল
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে অ্যাইপ্যাড প্রো-র ফটো এডিটিং ক্ষমতার দেখানোর জন্য এক নারী মডেলের ছবি এডিট করে ব্যাপক সমালোচনার মুখে পরেছে অ্যাপল। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাসহ প্রযুক্তিশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ও ভক্তদের অনেকেই অ্যাপলকে ‘এক হাত’ নিয়ে নিয়েছেন অনলাইনে।
সিএনএন জানিয়েছে, আইপ্যাড প্রো-এর ফটো এডিটিং ক্ষমতা দেখানোর জন্য মঞ্চে আহ্বান জানানো হয়েছিল অ্যাডোবি নির্বাহী এরিক স্নোডেনকে। স্নোডের মঞ্চে এসে অভিব্যক্তিহীন এক নারীর ছবি এডিট করে হাসি বসিয়ে দেন তার মুখে।
ওই ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত এবং লাইভস্ট্রিমের দর্শকরা অ্যাপল এবং অ্যাডোবির লিঙ্গবৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা করে একের পর এক টুইট করেন।
হাসি পছন্দ না হওয়ায় ফটোশপের ব্যবহারকে অ্যাপলের ‘পোর্টেবল সেক্সিজম’ বলে টুইট করেন জোনাথন কিংসলে নামের এক ব্যক্তি।
সিএনএন জানিয়েছে, গত কয়েক বছরে অ্যাপল, মাইক্রোসফট এবং ফেইসবুকের মতো প্রতিষ্ঠানগুলো কর্মক্ষেত্রে অধিক সংখ্যক নারী এবং সংখ্যালঘুদের অংশগ্রহন নিশ্চিত করতে চেষ্টা করছে। কিন্তু ৯ সেপ্টেম্বর অ্যাপলের অনুষ্ঠানে তিনজন নারী অংশগ্রহন করলেও তাদের মধ্যে শুধু একজনই অ্যাপলের কর্মচারী ছিলেন বলে জানিয়েছে সিএনএন।
এছাড়াও অ্যাপলের আড়াই ঘন্টাব্যপী অনুষ্ঠানে এই ছবি এডিটিংয়ের সময়ই প্রথমবারের মতো মঞ্চে কোনো নারীর চেহারা দেখানো হয়। তাই প্রথম দর্শনেই একজন নারী ছবি কাঁটাছেড়া করাটা আগুনে ঘি ঢালার মত ব্যাপার হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
