২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রোনে শীর্ষস্থান চায় কোয়ালকম

ড্রোনের জন্য নতুন ‘স্ন্যাপড্রাগন ফ্লাইট’ প্রসেসর উন্মোচন করেছে মার্কিন মাইক্রোচিপ নির্মাতা কোয়ালকম। বলা হচ্ছে স্মার্টফোন বাজারের মতো ড্রোনের উদীয়মান বাজারেও শক্ত অবস্থান গড়তে চাইছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 03:36 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ড্রোনের জন্য বাণিজ্যিক হারে চিপ সরবরাহের খাতকে ব্যবসায় প্রসারের মোক্ষম সুযোগ হিসেবে দেখছে কোয়ালকম। মূলত স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর ‘সিস্টেম-অন-এ-চিপ’ (এসওসি)-কে ড্রোনের উপযোগী করে তৈরি করা হয়েছে ‘স্ন্যাপড্রাগন ফ্লাইট’।

কোয়ালকমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজ তাল্লুরি স্ন্যাপড্রাগন ফ্লাইট নিয়ে বলেন, “আপনি যদি আমাদের স্ন্যাপড্রাগন প্রসেসর নেন,  তবে আপনি প্রায় সবই করতে পারবেন। এটি উড়তে পারে, ৪কে ভিডিও ধারণ করে, ১ হাজার ডলারের মধ্যে বানানো ড্রোনগুলোর মতো সবই করে এটি।  আর একটি প্রসেসর দিয়েই এসব করতে পারা অনেক বড় সুবিধা। আমরা একসঙ্গে একটি চিপসেটেই প্রয়োজনীয় সব কার্যক্ষমতা রেখেছি, ফলে এটি ড্রোনের ভর কমাবে। আপনি ড্রোনের মোটর, ব্যাটারি আর ফ্যানগুলোর আকার কমাতে পারবেন। এটি আরও বেশি উচ্চতায় ও বেশি সময় ধরে উড়বে।”

ড্রোন চিপের ক্ষেত্রে ৪কে ভিডিও ধারণের বিষয়টির উপরও ভালোই নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে তাল্লুরি বলেন, “আমরা অনেকদিন ধরে ৪কে ভিডিও নিয়ে কাজ করছি। তাই যখন আমরা ড্রোনের জন্য এই প্ল্যাটফর্ম আনছি, তখন আপনারা আরও ছোট ও হালকা ড্রোনগুলোতে ৪কে ভিডিও ধারণ করতে পারবেন।”

ড্রোন বাজারে একবার বাণিজ্যিক হারে চিপ সরবরাহ শুরু করলে, নির্মাতারা ২শ’ থেকে ৩শ’ ডলারের মধ্যে ড্রোন বানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাল্লুরি।