২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসবেরি পাই-এ টাচস্ক্রিন ডিসপ্লে

এখন রাসবেরি পাই কম্পিউটারের জন্য আনুষ্ঠানিকভাবে টাচ ডিসপ্লে আনা হয়েছে। ৭ ইঞ্চির এই স্ক্রিনের কারণে এটি এখন ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 04:05 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

প্রযুক্তিবিষয়কসাইট ওয়্যার্ড ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে, রাসবিয়ান ওএসের সর্বশেষ সংস্করণের অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে এই টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। ৪৮ ইউরো মূল্যের এই ডিসপ্লেতে থাকছে ৬০ ফ্রেম পার সেকেন্ডের ৮০০ বাই ৪৮০ আরজিবি প্যানেল, যার রয়েছে  ৭০-ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আর ১০-ফিঙ্গার টাচ সুবিধা।

নতুন এই ডিসপ্লের জন্য পাই কম্পিউটারের বোর্ড থেকে দুটি সংযোগ প্রয়োজন হবে- একটি পাওয়ারের জন্য আর অন্যটি ডেটার জন্য। পাই-এর জিপিআইও বা ডিএসআই পোর্ট ব্যবহার করে এই ডিসপ্লে কাজ করবে। স্ক্রিনের সঙ্গে রয়েছে অ্যাডাপ্টার বোর্ড আর ডিএসআই রিবন কেবল।

১০ ইউরোর একটি পারসপেক্স ফ্রেইম দিয়ে কম্পিউটারটি সাজানো যাবে। লাল, নীল, সবুজ, কালো, বেগুনী আর কমলা- এই ছয়টি রঙে পাওয়া যাবে ফ্রেইমটি।

এই স্ক্রিনটি রাসবেরি পাই ২ মডেল বি, রাসবেরি পাই মডেল বি প্লাস আর রাসবেরি পাই মডেল এ প্লাস কম্পিউটারের সঙ্গে ব্যবহার করা যাবে। এখন থেকে পাই সোয়াগ স্টোর আর অন্যান্য রাসবেরি পাই রিটেইলারদের কাছে এই টাচস্ক্রিন ডিসপ্লে পাওয়া যাবে।