‘পিউডাইপাই’-এর ইউটিউবে রেকর্ড
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রথমবারের মতো ১ হাজার কোটি ভিউয়ের রেকর্ড গড়েছেন জনপ্রিয় ইউটিউবার পিউডাইপাই। ভিডিও শেয়ারিং সাইটটি আর সামাজিক যোগোযোগের মাধ্যমগুলোতে ‘পিউডাইপাই’ নামেই বেশি পরিচিত ওই ইউটিউবারের প্রকৃত নাম ফিলিক্স কিয়েলবার্গ ।
এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, কিয়েলবার্গ ৬ সেপ্টেম্বর নিজের টুইটার অ্যাকাউন্টে এই মাইলফলকের পৌঁছানোর বিষয়টি জানান। টু্ইটারে কিয়েলবার্গের ফলোয়ারের সংখ্যা ৬০ লাখ।
ইয়াহু নিউজের তথ্য অনুযায়ী, কিয়েলবার্গ ‘পিউডাইপাই’ নামের ইউটিউব চ্যানেলটি চালু করেন ছয় বছর আগে। ২০১২ সালের ডিসেম্বরে অনলাইন ভিডিও কনটেন্ট নির্মাতা ‘মেকার স্টুডিওস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। বর্তমানে ‘মেকার স্টুডিওস’ ডিজনির মালিকানাধীন।
পিউডাইপাই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ। চ্যানেলটির মাধ্যমে কিয়েলবার্গ বিভিন্ন দাতব্য তহবিল সংগ্রহের কাজও করে থাকেন বলে জানিয়েছে ইয়াহু নিউজ।
২০১৪ সালের জুন মাসে সেইভ দ্য চিলড্রেনের জন্য ৬ লাখ ৩০ হাজার ডলার তহবিল সংগ্রহ করেছিলেন কিয়েলবার্গ।
