আরও পাতলা হবে আইফোন ৭!
৬ থেকে ৬.৫৫ মিলিমিটার পুরু আইফোন ৭ তৈরির পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটির বিশ্লেষক মিং-চি কুয়োর বরাত দিয়ে আইফোন ৭ সম্পর্কে এই তথ্য জানিয়েছে অ্যাপলইনসাইডার।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বহুল আলোচিত আইফোন ৬এস এখনও বাজারজাত করেনি অ্যাপল। এর মধ্যেই শুরু হয়ে গেছে আইফোনের পরবর্তী মডেল নিয়ে নানা গুজব।
অ্যাপলের যদি সত্যিই এমন পরিকল্পনা করে থাকে তবে অ্যাপল ৭,০০০ সিরিজের ‘সুপার–ডিউরেবল’ অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করবে আইফোন নির্মাণে। বাজারে জোর গুজব ওই একই অ্যালুমিনিয়াম অ্যালয় আইফোন ৬এস ও ৬এস প্লাসের কেসিং তৈরিতেও ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলইনসাইডারের ওই প্রতিবেদনে আইফোন ৭-এর পুরুত্ব বাদে আর কোনো তথ্য জানানো হয়নি। সম্পূর্ণ বিষয়টি আপাতত গুজব মনে হলেও ম্যাশএবল জানিয়েছে, মিং-চি কুয়ো এর আগেও অ্যাপল পণ্য সম্পর্কে বিভিন্ন সঠিক তথ্য জানিয়েছেন।
২০১৩ সালের অক্টোবরে কুয়ো জানিয়েছিলেন, অ্যাপল ১২ ইঞ্চির রেটিনা ম্যাকবুক আনতে যাচ্ছে। পরবর্তীতে ২০১৫ সালে অ্যাপল ১২ ইঞ্চির রেটিনা ম্যাকবুক উন্মোচন করেছিল।
