কী কী থাকছে নতুন আইফোনে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্র্যানসিসকোতে অনুষ্ঠিত অ্যাপল ইভেন্টে আইফোন ৬এস এবং আইফোন ৬এস প্লাস বাজারজাতের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। ১২ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত এই আইফোনগুলোর প্রি-অর্ডার আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, আইফোনের ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেলের পরিবর্তে ১২ মেগাপিক্সেল করা হয়েছে। ক্যামেরায় অটোফোকাস এবং নিঁখুতভাবে বর্ণ ধারণক্ষমতার উপর জোর দেয়া হয়েছে।
নতুন মোবাইল ফোন দুটিতে ছবি তোলার ক্ষেত্রে পর্যাপ্ত আলোর জন্য ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশের পরিবর্তে হোম স্ক্রিনের লাইট ব্যবহার করা হবে। এর ফলে স্বল্পআলোতেও অ্যাপলের ভাষায় ‘ঠিকভাবে’ সেলফি তোলা যাবে।
এ ছাড়া লাইভ ফটোস নামের নতুন একটি ফিচার যোগ করা হয়েছে। এর ফলে, ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে লাইভ ফটো মোশন এবং শব্দ যোগ হবে।
নতুন আইফোনগুলোতে ৪কে ভিডিও সুবিধাও অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিনেট।
এই দুটি আইফোনে নতুন ৬৪-বিট এ৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আগের এ৮ প্রসেসরের চেয়ে এটি ৭০ শতাংশ দ্রুতগতিসম্পন্ন বলে দাবি করেছে অ্যাপল। এ ছাড়া এ প্রসেসরে আগের চেয়ে ৯০ শতাংশ দ্রুতগতিতে গেইমিংয়ের মত গ্রাফিকাল কাজ করা যাবে।
নতুন দুটি আইফোনের অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আইওএস ৯। এই আইওসে সিরি ও বর্ধিত ব্যাটারি লাইফের সঙ্গে নতুন ‘লো পাওয়ার মোড’ অন্তর্ভূক্ত করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই আপডেটেড অপারেটিং সিস্টেম গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।
এই আইফোনে অ্যারোস্পেস ইন্ড্রাস্টিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। উন্নতমানের উপকরণ ব্যবহারের ফলে ‘বেন্ডগেট’জাতীয় সমস্যা সমাধান করা যাবে বলে জানিয়েছে সাইটটি।
তবে, এতে কর্নিংয়ের তৈরি গরিলা গ্লাস লাইন ব্যবহার করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়।
নতুন আইফোনের ফোর্স টাচেও পরিবর্তন এসেছে। এর ফলে হ্যান্ডসেটের স্ক্রিন জোরে চাপ দিয়ে ই-মেইল ও ফটো প্রিভিও কিংবা সেলফি মোড অন করা যাবে। আইফোনে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিফিকেশন আগের চেয়ে দ্রুতগতির হবে।
এই ডিভাইসগুলো সবধরনের ওয়াইফাই নেটওয়ার্কের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
সিনেট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৬ জিবি একটি আইফোন ৬-এর দাম মোবাইল ক্যারিয়ার প্যাকেজসহ শুরু হবে ২০০ ডলার থেকে। আইফোন ৬ এস প্লাসের জন্য গুণতে হবে ৩০০ ডলার।
অন্যদিকে, যুক্তরাজ্যে আনলকড আইফোনগুলো ৫৪০ থেকে ৭৯০ পাউন্ডে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ায় আইফোনগুলোর দাম ১০৭৯ থেকে ১৫২৯ অস্ট্রেলিয়ান ডলারের মধ্যে হবে বলে সাইটটিতে জানানো হয়।
এ ছাড়া এই নতুন আইফোনগুলো ভবিষ্যতে আপগ্রেড করতে বিশেষ ‘প্রাইসিং প্ল্যান’ও ঘোষণা করেছে অ্যাপল।
