২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘স্ন্যাপ’ ক্যামেরা

বাজারে আসছে পোলারয়েডের নতুন ক্যামেরা ‘স্ন্যাপ’। ৯৯ ডলার দামের নতুন ক্যামেরাটি ‘ইংক ফ্রি জিংক পেপার’ প্রযুক্তির সাহায্যে কোনো কালি ছাড়াই তাৎক্ষণিক ছবি প্রিন্ট করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি নতুন স্ন্যাপ ক্যামেরাটি বাহ্যিক দিক থেকে দেখতে অনেকটা খেলনার মতো।
এর আগেও পোলারয়েড ‘ইংক ফ্রি জিংক পেপার’ প্রযুক্তির একাধিক ‘ইন্সট্যান্ট’ ক্যামেরা বাজারজাত করেছে। তবে ব্যয়বহুল, ভারী ও আকারে বড় ক্যামেরাগুলো সবার ‘মন মতো’ ছিল না বলে জানিয়েছে ম্যাশএবল।

ম্যাশএবলের তথ্য অনুযায়ী, নতুন ‘স্ন্যাপ’ ক্যামেরার উপরের অংশে লাল রঙের শাটার বাটন আর সেলফ টাইমার বাটন রয়েছে। সাদা-কালো, সেপিয়া বা রঙিন ছবি তোলার জন্য আলাদা বাটন রাখা হয়েছে বাম পাশে।

স্ন্যাপের ডান পাশের অংশ থেকে ছবি বের হয়ে আসবে। আর এর বাম পাশে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট এবং ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের সাহায্যে ক্যামেরার বিল্ট-ইন ব্যাটারি চার্জ দেওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ রাখা হয়নি স্ন্যাপে।    

আকারের দিক থেকে স্ন্যাপ ক্যামেরাটি পোলারয়েডের জেড২৩০০ ক্যামেরার থেকে খানিকটা ছোট বলে জানিয়েছে ম্যাশএবল।

নির্মাতা প্রতিষ্ঠান পোলারয়েডের এক মুখপাত্র জানিয়েছেন— ছবির গুণগত মানের ব্যাপারে স্ন্যাপ ক্যামেরাটিকে জিপ ইন্সট্যান্ট ফটেপ্রিন্টারের সঙ্গে তুলনা করা যেতে পারে।