২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল সার্চেই দেখা যাবে টুইট

তারকাদের নাম লিখে গুগলে সার্চ করে তাদের ছবি বা খবর তো সবাই পেয়েই থাকেন। সেই সঙ্গে এখন তাদের টুইটও দেখা যাবে গুগল সার্চে।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 04:01 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অনেকটা চুপিসারেই ওয়েব সার্চ সেবা আপডেট করেছে ওয়েব জায়ান্ট গুগল। এখন সার্চ রেজাল্টে বিভিন্ন ওয়েব পেইজ লিংকের পাশাপাশি সংশ্লিষ্ট টুইটও দেখাবে গুগলের সার্চ ইঞ্জিন।

টুইটার গুগলের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দেওয়ার ৬ মাসের মধ্যে নতুন ফিচারটি চালু করলো মার্কিন ওয়েব জায়ান্ট। চলতি বছরের শুরুতেই মোবাইল সার্চ রেজাল্টে ‘টুইট ইন্টিগ্রেশন’ চালু করেছিল গুগল। এবার ডেস্কটপ পিসির জন্যেও চালু হল ওই একই সেবা।

গুগল আর টুইটারের একসঙ্গে কাজ করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০৯ সালে প্রতিষ্ঠান দুটি সার্চ রেজাল্টে টুইট দেখানোর বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিল, তবে মাত্র দুই বছর চালু ছিল ওই চুক্তি।

ম্যাশএবল জানিয়েছে, টুইটার ব্যবহারকারীর সংখ্যা বাড়াতেই গুগলের সঙ্গে নতুন চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির আশা করছে টুইটার ব্যবহার করেন না এমন ব্যবহারকারীরাও গুগলের সার্চ রেজাল্টে টুইট দেখার পর এতে সাইন আপ করতে আগ্রহী হবেন।