Published : 23 Jan 2026, 03:31 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের লড়াইয়ে এক বৈপ্লবিক পরিবর্তনের পথে হাঁটছে অ্যাপল। দীর্ঘদিনের পরিচিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি’কে পুরোপুরি বদলে আধুনিক এক এআই চ্যাটবটে রূপান্তরের কাজ শুরু করেছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, দীর্ঘ প্রতীক্ষার পর নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কৌশলে বড় পরিবর্তনের আভাস দিচ্ছে অ্যাপল। কয়েক মাস ধরে নানা পরীক্ষার পর এখন নিজেদের সিরি’কে সম্পূর্ণ বদলে ‘এআই চ্যাটবট’এ রূপান্তরের পরিকল্পনা করছে আইফোন নির্মাতা কোম্পানিটি।
‘ক্যাম্পোস’ কোডনামের এ নতুন প্রকল্পের মাধ্যমে সিরি আর কেবল সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট থাকবে না, বরং ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনাইয়ের মতো কথোপকথন চালিয়ে যেতে পারে এমন চ্যাটবটে পরিণত হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
ব্লুমবার্গের সূত্র বলছে, অ্যাপলের এ নতুন চ্যাটবট বর্তমান সিরি ইন্টারফেইসকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে। এর বদলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনাইয়ের মতো আরও ‘ইন্ট্যার্যাকটিভ’ মডেলে কাজ করবে সিরি।
সূত্র আরও বলেছে, অ্যাপল আলাদাভাবে ক্যাম্পোস অ্যাপ নিয়ে পরীক্ষা করলেও এখনই তা সাধারণ গ্রাহকদের জন্য চালুর কোনো পরিকল্পনা নেই। আগামী বছরের শেষদিকে আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ ও ম্যাকওএস ২৭ বাজারে আসার সময় নতুন চ্যাটবটটি ডিভাইসের সিস্টেমের ভেতরেই সব সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে।
তবে সুখবর হচ্ছে বর্তমান সিরি ব্যবহারকারীদের জন্য আইওএস ২৬.৪ সংস্করণে কিছু নতুন ফিচার যোগ করবে অ্যাপল। এসব আপডেটের মধ্যে এমন সব ফিচার থাকবে, যা অ্যাপল ২০২৪ সালে আনার প্রতিশ্রুতি দিলেও বারবার তা পিছিয়েছে।
চ্যাটবট কৌশলে ফিরে যাওয়ার এ সিদ্ধান্তটি অ্যাপলের সাম্প্রতিক বড় এক পদক্ষেপকেই আরও স্পষ্ট করে তুলেছে। কারণ, কয়েকদিন আগেই নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী গুগলের সঙ্গে পার্টনারশিপ করেছে অ্যাপল।
কোম্পানি দুটি ঘোষণা করেছে, সিরির পরবর্তী বিভিন্ন সংস্করণে গুগলের জেমিনাই মডেল ব্যবহৃত হবে। গুগলের নিজস্ব ইকোসিস্টেমে জেমিনাই এখন সবখানেই রয়েছে।
তবে এআইয়ের এ লড়াইয়ে প্রতিযোগীদের তুলনায় কিছুটা পিছিয়ে থাকায় এ খাতে অ্যাপলের বাইরের কোম্পানির সাহায্য নেওয়া তাদের জন্য বেশ যুক্তিসংগত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।