১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই জায়ান্টগুলোর বিরুদ্ধে মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

এআই প্রশিক্ষণে কাজ ব্যবহারের অভিযোগে লেখক ও অন্যান্য কপিরাইট মালিকদের মাধ্যমে প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে আনা বেশ কয়েকটি মামলার মধ্যে এটি অন্যতম।

এআই জায়ান্টগুলোর বিরুদ্ধে মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক
এবারই প্রথম কোনো মামলায় ইলন মাস্কের কোম্পানি এক্সএআইকে আসামী করা হয়েছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

চ্যাটবট প্রশিক্ষণের জন্য মার্কিন সার্চ জায়ান্ট গুগল, ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই, সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা ও এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি’র বিরুদ্ধে মামলা করেছেন নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক।

সোমবার এসব প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছেন সিলিকন ভ্যালির রক্ত পরীক্ষা বিষয়ক স্টার্টআপ ‘থেরানোস’-এর জালিয়াতি ফাঁস করে পরিচিতি পাওয়া অনুসন্ধানী সাংবাদিক ও লেখক জন ক্যারেরু।

তার অভিযোগ, অনুমতি ছাড়াই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে তার কপিরাইটওয়ালা বই ব্যবহার করেছে এসব কোম্পানি।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে এ মামলাটি করেছেন টাইমসের সাংবাদিক ও ‘ব্যাড ব্লাড’ বইয়ের লেখক ক্যারেরু। তার সঙ্গে আরও পাঁচজন লেখক এ মামলায় যোগ দিয়েছেন।

এসব এআই কোম্পানির বিরুদ্ধে নিজেদের বই পাইরেসি বা অবৈধভাবে সংগ্রহ করা ও সেগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম-এ প্রশিক্ষণের কাজে ব্যবহারের অভিযোগ তুলেছেন তারা।

এআই প্রশিক্ষণে নিজেদের কাজ ব্যবহারের অভিযোগে লেখক ও অন্যান্য কপিরাইট মালিকদের মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে আনা বেশ কয়েকটি মামলার মধ্যে এ মামলাটি সর্বশেষ। তবে এবারই প্রথম কোনো মামলায় ইলন মাস্কের কোম্পানি এক্সএআইকে আসামী করা হল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মামলার বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি অভিযুক্ত এসব কোম্পানির প্রতিনিধিরা।

বর্তমানে চলমান অন্যান্য মামলার মতো এবারের লেখকরা একসঙ্গে বড় কোনো ‘ক্লাস অ্যাকশন’ মামলা করতে চাচ্ছেন না। কারণ, তাদের মতে এ ধরনের যৌথ মামলায় আসলে এসব প্রযুক্তি কোম্পানিরই সুবিধা হয়। কারণ এতে অনেক বাদীর সঙ্গে একবারে কেবল একটি সমঝোতা বা রফা করার সুযোগ মেলে তাদের।

অভিযোগপত্রে বলা হয়েছে, “এসব প্রযুক্তি কোম্পানির এমন সুযোগ পাওয়া উচিত নয়, যাতে তারা হাজার হাজার উচ্চমূল্যের দাবিকে অত্যন্ত সাশ্রয়ী দরে এত সহজে নিষ্পত্তি করতে পারে।”

অগাস্টে এআই প্রশিক্ষণ সংক্রান্ত কপিরাইট বিরোধে প্রথম বড় ধরনের সমঝোতায় পৌঁছায় অ্যানথ্রপিক। কোম্পানিটি লাখ লাখ বই পাইরেসি করেছে এমন অভিযোগের জন্য লেখকদের ১৫০ কোটি ডলার দিতে রাজি হয়েছিল।

তবে নতুন এ মামলায় দাবি করা হয়েছে, আগের ওই মামলার সদস্যরা প্রতিটি বইয়ের জন্য কপিরাইট আইনের সর্বোচ্চ ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ ডলারের তুলনায় কেবল দুই শতাংশ অংশ পাবেন।

সোমবারের এই অভিযোগপত্রটি দাখিল করেছেন ল’ ফার্ম ‘ফ্রিডম্যান নরম্যান্ড ফ্রাইডল্যান্ড’-এর আইনজীবীরা, যাদের মধ্যে রয়েছেন কাইল রোচ।

২০২৩ সালে নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে নিজেই এই কাইল রোচকে নিয়ে প্রোফাইল বা বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন ক্যারেরু।