২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাইবস’ নামে নতুন ভিডিও ফিড যুক্ত করল মেটা

এটি টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো শর্ট–ফর্ম ভিডিও ফিড, তবে পার্থক্য হলো এখানে সব কনটেন্টই এআই জেনারেটেড ভিডিও।

‘ভাইবস’ নামে নতুন ভিডিও ফিড যুক্ত করল মেটা
নতুন ফিচারে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ইতিবাচক নয়। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

অপ্রত্যাশিত এক ফিচার চালু করেছে মেটা। কোম্পানিটি তাদের ‘মেটা এআই’ অ্যাপ এবং ‘মেটা ডট এআই’-এ যুক্ত করেছে নতুন ভিডিও ফিড ‘ভাইবস’। এটি মূলত টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো শর্ট-ফর্ম ভিডিও ফিড তবে পার্থক্য হলো এখানে সব কনটেন্টই এআই জেনারেটেড ভিডিও।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি কয়েকটি ভিডিও শেয়ার করে এই ফিচারের ঘোষণা দেন। তার পোস্টে দেখা যায়, ঝাপসা লোমশ কিছু প্রাণী এক কিউব থেকে অন্য কিউবে লাফিয়ে যাচ্ছে, একটি বিড়াল ময়দা মাখছে, আরেকটি ভিডিওতে প্রাচীন মিশরের এক নারীকে বারান্দায় দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে।

মেটার তথ্যমতে, নতুন ফিডে ব্যবহারকারীরা দেখতে পাবেন বিভিন্ন ক্রিয়েটর এবং অন্য ইউজারদের তৈরি এআই ভিডিও। সময়ের সঙ্গে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজাতে শুরু করবে।

ব্যবহারকারীরা শূন্য থেকে নতুন ভিডিও বানাতে পারবেন বা অন্যের ভিডিও রিমিক্স করতে পারবেন। ভিডিও প্রকাশের আগে ভিজুয়াল যোগ করা, মিউজিক বসানো, স্টাইল পাল্টানো যাবে। সরাসরি ‘ভাইবস’ ফিডে পোস্ট করার পাশাপাশি ডিএম করা বা ইনস্টাগ্রাম ও ফেইসবুক স্টোরিজ ও রিলসে শেয়ার করার সুযোগ থাকবে।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং বলেছেন, প্রাথমিকভাবে তারা ‘মিডজার্নি’ ও ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। যদিও ভবিষ্যতে মেটা নিজস্ব এআই মডেল উন্নয়নে মনোযোগ দেবে।

তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মোটেই ইতিবাচক নয়। জাকারবার্গের ঘোষণার পোস্টে শীর্ষ মন্তব্যে লেখা ছিল, “এটা কেওই চায় না”, “নিজের অ্যাপেই এআই স্লপ আনছে জাকারবার্গ!”।

সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি কনটেন্ট বা ‘এআই স্লপ’-এর বন্যা এরইমধ্যে প্ল্যাটফর্মগুলোকে বিব্রত করছে। এমনকি ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোও এই সমস্যা কমাতে উদ্যোগ নিচ্ছে। এ অবস্থায় মেটার নতুন পদক্ষেপকে অনেকেই অবাক হয়ে দেখছেন, বিশেষ করে যখন এ বছরের শুরুতে কোম্পানিটি ‘অরিজিনাল’ কনটেন্টে জোর দিয়ে বলেছিল, “নির্মাতাদের উচিত ‘অথেনটিক স্টোরিটেলিং’-এ মনোযোগী হওয়া”।

এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় মেটা সম্প্রতি ব্যাপকভাবে এআই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। গত জুনে কোম্পানিটি ‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ নামে নতুন এআই বিভাগ গঠন করে। পরে এআই কার্যক্রমকে ফাউন্ডেশন মডেল, গবেষণা, প্রোডাক্ট ইন্টিগ্রেশন এবং অবকাঠামো উন্নয়ন এই চার ভাগে পুনর্গঠন করা হয়।