ইউটিউবে এল ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ফিচার’
ইউটিউব জেমিনাইয়ের মাধ্যমে একটি এআই-নির্ভর ডাবিং টুল চালু করেছে যা ক্রিয়েটরের স্বর ও আবেগ অনুকরণ করে ভিন্ন ভাষায় কণ্ঠ দিতে পারে।
ইউটিউব তাদের ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ফিচার’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গত দুই বছরের পরীক্ষামূলক কার্যক্রম শেষে এবার বিশ্বের লাখ লাখ ইউটিউবার ভিডিওতে একাধিক ভাষায় ডাব করতে পারবেন। এটি তাদের বৈশ্বিক দর্শক বাড়াতে সাহায্য করবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। ২০২৩ সালে প্রথম সীমিত পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচার ব্যবহারের সুযোগ পেয়েছিলেন জনপ্রিয় ক্রিয়েটর মিস্টার বিস্ট, মার্ক রোবার এবং শেফ জেইমি অলিভারসহ কয়েকজন।
তখন কনটেন্ট ক্রিয়েটরদের থার্ড পার্টির ডাবিং সেবার ওপর নির্ভর করতে হত। পরে ইউটিউব গুগলের জেমিনাই প্রযুক্তি ব্যবহার করে একটি এআইনির্ভর স্বয়ংক্রিয় ডাবিং টুল চালু করে যা ক্রিয়েটরের স্বর ও আবেগ অনুকরণ করে ভিন্ন ভাষায় কণ্ঠ দিতে পারে।
ফিচারটি ব্যবহার করে ক্রিয়েটররা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেক ক্রাঞ্চ।
ইউটিউবের তথ্য অনুযায়ী, মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক যোগ করা ভিডিওগুলোতে অন্য ভাষাভাষী দর্শকের কাছ থেকে গড় ভিউ টাইমের ২৫ শতাংশ এসেছে। উদাহরণ হিসেবে শেফ জেইমি অলিভারের চ্যানেল এই ফিচার ব্যবহারের পর তিনগুণ ভিউ পেয়েছে।
এ ছাড়া ইউটিউব চলতি বছরের জুন থেকে মাল্টি ল্যাঙ্গুয়েজ থাম্বনেইল পরীক্ষাও শুরু করেছে। নির্দিষ্ট কিছু সংখ্যক ক্রিয়েটর এখন তাদের ভিডিও থাম্বনেইলে বিভিন্ন ভাষায় লেখা ব্যবহার করতে পারছেন যেন অন্যান্য দেশের দর্শকের জন্য তা বোঝা আরও সহজ হয়।
