২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপে যাচ্ছে অ্যাপল

অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবায় প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর তৈরির দাবি জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপে যাচ্ছে অ্যাপল
| ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 05:10 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

প্রয়োজনে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দেখতে চাওয়ার যুক্তরাজ্য সরকারের করা দাবি বাতিলের জন্য পাল্টা আইনি পদক্ষেপ নিচ্ছে অ্যাপল।

যুক্তরাজ্যের ‘ইনভেস্টিগেটরি পাওয়ারস ট্রাইব্যুনাল’-এ আপিল করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। ‘ইনভেস্টিগেটরি পাওয়ারস ট্রাইব্যুনাল’ একটি স্বাধীন আদালত, যার নিরাপত্তা পরিষেবার বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা রয়েছে।

তথ্য প্রাইভেসি নিয়ে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি ও যুক্তরাজ্য সরকারের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্বের মধ্যে সর্বশেষ ঘটনা এটি বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এ বছরের জানুয়ারিতে জাতীয় নিরাপত্তা হুমকির আশঙ্কায় বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপটেড ডেটা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে শেয়ার করার জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গোপন আদেশ পাঠায় অ্যাপলকে।

ব্যবহারকারীদের যে ডেটা স্ট্যান্ডার্ড এনক্রিপশনের আওতায় থাকে সেটা দেখতে পারে অ্যাপল। তবে, নিজেদের সবচেয়ে কঠোর ‘অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন’ বা এডিপি নামের প্রাইভেসি টুল ব্যবহারের মাধ্যমে এনক্রিপ্ট করা ডেটা দেখতে বা ভাগ করতে পারে না কোম্পানিটি। তবে কোনও ওয়ারেন্ট জারি হলেও সে তথ্য সরবরাহ করতে পারে না অ্যাপল। 

‘এডিপি’ অ্যাপলের নিজস্ব একটি ফিচার এবং কতজন মানুষ এটি ব্যবহার করে তা জানা যায়নি বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

গত সপ্তাহে সরকারের দাবির মুখে শেষ পর্যন্ত যুক্তরাজ্যে আইফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ এই নিরাপত্তা ফিচারটি সরিয়ে নিয়েছে অ্যাপল।

এর আগে, অ্যাপল ব্যবহারকারীদের এনক্রিপ্টেড ক্লাউড পরিষেবায় প্রবেশের জন্য কোম্পানিটির কাছে একটি ব্যাকডোর বা গোপন দরজা তৈরির দাবি জানিয়েছিল যুক্তরাজ্য সরকার।

ওই সময় অ্যাপল বলেছিল, কখনই নিজেদের নিরাপত্তা ফিচারের সঙ্গে আপস করবে না তারা। পাশাপাশি যুক্তরাজ্যে আর এডিপি বা নিরাপত্তা ফিচার দিতে পারবে না বলেও “অত্যন্ত হতাশ” তারা।

বিবিসি লিখেছে, যুক্তরাজ্যের এই আদেশ মার্কিন প্রশাসনকেও ক্ষুব্ধ করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ বিষয়টিকে “চীনের আচরণের সমতূল্য” বলে বর্ণনা করেছেন তিনি।

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেছেন, এমন দাবির কথা যুক্তরাজ্য তাকে আগে জানায়নি।

একটি চিঠিতে তিনি লিখেছেন, মার্কিন নাগরিকদের প্রাইভেসি অধিকারের ‘গুরুতর লঙ্ঘন’ এটি।

গ্যাবার্ড আরও বলেন, এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে আইনি তথ্য চুক্তির শর্তাবলী লঙ্ঘন করে কি না তা খুঁজে বের করার ইচ্ছা রয়েছে তার।

অ্যাপলের এ আইনি পদক্ষেপের বিষয়টি প্রথম প্রকাশ করে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস। এফটি প্রতিবেদনে লিখেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে এ মামলার শুনানি হতে পারে। তবে জনসমক্ষে নাও আসতে পারে এটি।

এদিকে, জানুয়ারিতে জারি করা নোটিশের বিষয়টির অস্তিত্ব নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের যুক্তি, আইনত এই আদেশ জনসমক্ষে প্রকাশ করা যায় না।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে রাজি হয়নি অ্যাপল।