Published : 17 Feb 2026, 01:07 PM
বিনোদন জগতের বড় বড় কোম্পানির পক্ষ থেকে কপিরাইট বা মেধাস্বত্ব চুরির অভিযোগ ওঠার পর নিজেদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিডিও তৈরির টুলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, চীনা কোম্পানিটির ‘সিড্যান্স ২.০’ নামের এ নতুন টুলটি ব্যবহার করে কেবল টেক্সট বা লেখা লিখে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারেন ব্যবহারকারীরা।
তবে অনলাইনে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে কপিরাইট করা বিভিন্ন চরিত্র ও খ্যাতনামা ব্যক্তিদের হুবহু প্রতিকৃতি দেখা গেছে, যা যুক্তরাষ্ট্রে মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
এক বিবৃতিতে বাইটড্যান্সের একজন মুখপাত্র বলেছেন, “বাইটড্যান্স মেধাস্বত্ব অধিকারকে শ্রদ্ধা করে এবং আমরা সিড্যান্স ২.০ নিয়ে ওঠা বিভিন্ন উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
“ব্যবহারকারীরা যাতে অনুমতি ছাড়া অন্যের মেধাস্বত্ব বা কারো হুবহু প্রতিকৃতি ব্যবহার করতে না পারে, সেজন্য বর্তমান নিরাপত্তা ব্যবস্থাগুলো আরও জোরদারের পদক্ষেপ নিচ্ছি আমরা।”
বাইটড্যান্সের এমন প্রতিক্রিয়া এসেছে হলিউডের প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠীর তীব্র সমালোচনা ও কড়া হুঁশিয়ারির পর, বিশেষ করে ‘মোশন পিকচার অ্যাসোসিয়েশন’ বা এমপিএ-এর পক্ষ থেকে এ চাপ তৈরির পর এ পদক্ষেপ নিল কোম্পানিটি।
নেটফ্লিক্স, প্যারামাউন্ট স্কাইড্যান্স, সনি, ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ও ডিজনির মতো হলিউডের বড় স্টুডিওগুলোর প্রতিনিধিত্ব করে এ সংগঠনটি।
গত সপ্তাহের শেষে জোরালো এক বিবৃতি প্রকাশ করে সংগঠনটি বলেছে, বাইটড্যান্সকে অবিলম্বে তাদের ভাষায় এই ‘কপিরাইট লঙ্ঘনকারী কার্যক্রম’ বন্ধের দাবি জানাচ্ছে তারা।
ওই বিবৃতিতে এমপিএ-এর চেয়ারম্যান ও সিইও চার্লস রিভকিন বলেছেন, “কেবল এক দিনেই চীনা এআই সার্ভিস সিড্যান্স ২.০ আমেরিকার কপিরাইট করা কাজের ব্যাপক হারে অননুমোদিত ব্যবহার করেছে।
“এ পরিষেবার কোনো কার্যকর কপিরাইট সুরক্ষা ব্যবস্থা নেই। প্রতিষ্ঠিত কপিরাইট আইনকেই অবজ্ঞা করছে বাইটড্যান্স, যে আইন সৃজনশীল ব্যক্তিদের অধিকার রক্ষা ও লাখ লাখ মার্কিন কর্মসংস্থানকে টিকিয়ে রাখে।”
শুক্রবার বাইটড্যান্সকে এক আইনি নোটিশ পাঠিয়েছে ডিজনি। সেখানে তারা অভিযোগ করেছে, তাদের অনুমতি ছাড়াই নতুন এআই টুলের মাধ্যমে ডিজনির মেধাস্বত্ব বা কনটেন্ট প্রচার করছে বাইটড্যান্স।
নোটিশে ডিজনির অভিযোগ, কপিরাইট করা চরিত্রগুলোর এক পাইরেটেড লাইব্রেরি বা সংগ্রহ সিড্যান্স-এর সঙ্গে যোগ করেছে চীনা কোম্পানিটি। তারা এসব চরিত্রকে এমনভাবে উপস্থাপন করেছে, যেন এগুলো কোনো সাধারণ ‘ক্লিপ আর্ট’ বা বিনামূল্যে ব্যবহারযোগ্য ছবি, যা যে কেউ ব্যবহার করতে পারে।
এর আগেও, বিভিন্ন এআই কোম্পানির বিরুদ্ধে এমন আইনি ব্যবস্থা নিয়েছে ডিজনি। গেল বছরের সেপ্টেম্বরে ‘ক্যারেক্টার ডটএআই’ নামের এক স্টার্টআপকেও তাদের বিভিন্ন চরিত্রের অননুমোদিত ব্যবহার বন্ধ করতে সতর্ক করেছিল।
তবে নিজেদের মেধাস্বত্ব রক্ষার পাশাপাশি ওপেনএআইয়ের সঙ্গে এক চুক্তি করেছে ডিজনি এবং সেখানে বিনিয়োগও করেছে তারা। এ চুক্তির ফলে ওপেনএআইয়ের ভিডিও জেনারেটর ‘সোরা’তে স্টার ওয়ার্স, পিক্সার ও মার্ভেল ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন চরিত্র ব্যবহারের অনুমতি রয়েছে।
অন্যদিকে, গত সপ্তাহে বাইটড্যান্সকে একই ধরনের অভিযোগে এক আইনি নোটিশ পাঠিয়েছে ‘প্যারামাউন্ট স্কাইড্যান্স’ও।