১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিগগিরই আসছে মাস্কের মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’

অ্যাপটিতে স্ক্রিনশট ব্লক ও ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের সুবিধা থাকছে। ফলে কোনো তথ্য পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই মুছে ফেলা সম্ভব।

শিগগিরই আসছে মাস্কের মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’
এক্স ব্যবহারকারীদের জন্য তৈরি বিশেষ এক মেসেজিং অ্যাপ এক্সচ্যাট। ছবি: এক্সচ্যাট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স।

উন্নত নিরাপত্তা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও স্ক্রিনশট ব্লকের মতো আধুনিক সব ফিচার নিয়ে ‘এক্সচ্যাট’ নামের অ্যাপটি খুব শিগগিরই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

বর্তমানে অ্যাপ স্টোরে দেখা যাচ্ছে এক্সচ্যাট, যেখানে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে ডাউনলোডের জন্য পাওয়া যাবে অ্যাপটি, যা এক্স ব্যবহারকারীদের জন্য তৈরি বিশেষ এক মেসেজিং অ্যাপ হতে যাচ্ছে।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাইরেক্ট মেসেজিং বা ডিএম ফিচারের নতুন এক সংস্করণ আনার কথা বলেছিলেন এক্স-এর প্রধান মাস্ক।

ওই সময় বেশ কিছু পোস্টে তিনি বলেছিলেন, এ নতুন সংস্করণটি হবে এনক্রিপ্টেড ও এর গঠনশৈলী হবে সম্পূর্ণ নতুন। গত বছরের জুনের মধ্যেই সব এক্স ব্যবহারকারী এক্সচ্যাট পেয়ে যাবেন। অবশ্য সময়ের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করার ক্ষেত্রে মাস্কের বেশ ‘সুনাম’ রয়েছে।

এখন এক্সের ভেতরে ইনবক্স ফিচারের উন্নতির বদলে ব্যবহারকারীরা এক আলাদা অ্যাপ পেতে যাচ্ছেন। যার মাধ্যমে এক্সের যে কোনো ব্যবহারকারীর সঙ্গে চ্যাটিং এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে একে অপরকে কলও করা যাবে।

অ্যাপটি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। ফলে ব্যবহারকারীরা তাদের পাঠানো মেসেজ এডিট ও চ্যাটিংয়ে থাকা সবার জন্য তা ডিলিট করার সুযোগ পাবেন।

ব্যবহারকারীদের প্রাইভেসি ধরে রাখতে অ্যাপটিতে স্ক্রিনশট ব্লক ও ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের সুবিধাও থাকছে। ফলে সংবেদনশীল কোনো তথ্য পাঠানোর পাঁচ মিনিটের মধ্যেই মুছে ফেলা সম্ভব।

এ ছাড়া, অ্যাপটিতে চারশ ৮১ জন সদস্য নিয়ে বড় দল বা গ্রুপ চ্যাটিং খোলার সুবিধা রয়েছে। অ্যাপ স্টোরের তথ্য অনুসারে, এক্সচ্যাটে কোনো বিজ্ঞাপন থাকছে না এবং তা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ট্র্যাক করবে না।

ব্যবহারকারীরা এখন আইফোন ও আইপ্যাডের জন্য এক্সচ্যাট আগাম অর্ডার করে রাখতে পারেন। ফলে অ্যাপটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই তাদের ডিভাইসে তা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে।