Published : 22 Sep 2025, 04:35 PM
বাজারে দীর্ঘদিনের গুঞ্জন ছিল অ্যাপল একদিন না একদিন টাচস্ক্রিন ম্যাকবুক তৈরি করবে। তবে এতদিন কোম্পানিটি স্পষ্ট বলে আসছিল তারা এ ধরনের পণ্য আনার কোনো আগ্রহ রাখে না। অবশেষে সেই অস্থান থেকে সরে এসে নতুন পরিকল্পনা করছে এ টেক জায়ান্ট।
প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুওর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল একটি টাচস্ক্রিন ম্যাকবুক প্রো তৈরি করছে যা ২০২৬ সালের শেষ নাগাদ ব্যাপক হারে উৎপাদন করবে।
এটি অ্যাপলের জন্য বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। কারণ, অন্যান্য অনেক কম্পিউটার নির্মাতা কোম্পানি টাচস্ক্রিন ল্যাপটপ তৈরি করলেও অ্যাপল এ ধরনের ডিভাইস তৈরি থেকে দূরে ছিল। এবার তারা নতুন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা আনতে চাচ্ছে।
অ্যাপলের সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘদিনের পর্যবেক্ষণ। কুওর মতে, আইপ্যাড ব্যবহারকারীদের আচরণ দেখে অ্যাপল বুঝতে পেরেছে যে কিছু ক্ষেত্রে টাচ কন্ট্রোল ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে পারে। আইপ্যাড ব্যবহারের সময় মানুষ সাধারণত ট্যাবলেটকে সমতল বা হেলানো অবস্থায় ব্যবহার করে ফলে টাচ নিয়ন্ত্রণ খুবই স্বাভাবিক এবং আরামদায়ক হয়। ব্যবহারকারীর এই অভিজ্ঞতাই সম্ভবত অ্যাপলকে টাচ প্রযুক্তির ম্যাকবুক আনতে উৎসাহ দিয়েছে।
তবে টাচস্ক্রিন প্রযুক্তি ম্যাকবুকে কীভাবে সংযোজন করা হবে, তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। কুও তার প্রতিবেদনে ‘টাচ প্যানেল’ শব্দ ব্যবহার করেছেন কিন্তু সরাসরি ‘টাচ স্ক্রিন’ বলেননি। তাই এটি সরাসরি স্ক্রিনে আসবে নাকি আলাদা কোনো প্যানেল বা ট্র্যাকপ্যাডের সঙ্গে যুক্ত হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এর আগে অ্যাপল ম্যাকবুকে টাচ বার নামের একটি টাচ প্যানেল যুক্ত করেছিল যা মূল স্ক্রিনের অংশ ছিল না। ফলে অনেকেই মনে করছেন নতুন প্রযুক্তিও হয়তো এ ধরনের সমাধানের মাধ্যমে আসতে পারে।
প্রযুক্তি সাইট টেক রেডার লিখেছে, নতুন টাচস্ক্রিন ম্যাকবুক প্রো নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অ্যাপল। তবে কুওর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ এটি ব্যাপক হারে উৎপাদন করবে। এর মানে, ২০২৭ সালের মধ্যে ব্যবহারকারীরা বাজারে অ্যাপলের প্রথম টাচ প্যানেল ম্যাকবুক দেখতে পাবেন।
সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে অবশেষে অ্যাপল টাচস্ক্রিন ম্যাকবুক প্রো আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরগুলোতে প্রযুক্তি বাজারে এটি বড় আলোচনার জন্ম দেবে বলেই ধারণা করা হচ্ছে।