১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি বাহিনীর এক ইউনিটে ক্লাউড সেবা বন্ধ করল মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ফোন কলের অনেক রেকর্ড জমা রাখতে অ্যাজিউর ক্লাউড স্টোরেজ ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যা নিয়ে তদন্তের পর এমন সিদ্ধান্ত এল।

ইসরায়েলি বাহিনীর এক ইউনিটে ক্লাউড সেবা বন্ধ করল মাইক্রোসফট
মাইক্রোসফটের ইসরায়েলি সামরিক ইউনিটকে কিছু পরিষেবা দেওয়া বন্ধ করার পেছনে বড় এক কারণ কোম্পানির নিজেদের কর্মীদের চাপ। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 11:46 AM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিট ফিলিস্তিনিদের ফোন কল সংরক্ষণ করছে– এমন অভিযোগ নিয়ে তদন্তের কয়েক মাস পর ওই ইউনিটের ক্লাউড পরিষেবা বন্ধ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। 

বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগের জন্য কিছু নির্দিষ্ট পরিষেবা দেওয়া বন্ধ করেছে মাইক্রোসফট। তবে ঠিক কোন কোন সেবা বন্ধ করেছে, তা প্রকাশ করেনি তারা।

এর আগে অগাস্টে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক তদন্তে উঠে এসেছিল, ফিলিস্তিনিদের ফোন কলের অনেক রেকর্ড জমা রাখতে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড স্টোরেজ ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ‘ইউনিট ৮২০০’। 

এরপর বিষয়টি নিয়ে তদন্ত করেন মাইক্রোসফটের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সেই তদন্তের পরই এখন কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে ওই ইউনিটকে কিছু ক্লাউড পরিষেবা আর দেবে না তারা।

এক ইমেইলে কর্মীদের মাইক্রোসফটের প্রেসিডেন্ট ও ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ লিখেছেন, “আমাদের পর্যালোচনা এখনো চলমান থাকলেও, আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি, যা গার্ডিয়ানের প্রতিবেদনের কিছু অংশকে সমর্থন করেছে। এসব প্রমাণের মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ ও এআই সেবা কতটা ব্যবহার করেছে– এমন কিছু তথ্য।”

মাইক্রোসফটের ইসরায়েলি সামরিক ইউনিটকে কিছু পরিষেবা দেওয়া বন্ধ করার পেছনে বড় এক কারণ কোম্পানির নিজেদের কর্মীদের চাপ বলে প্রতিবেদনে লিখেছে গার্ডিয়ান।

সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কোম্পানিটির বিভিন্ন কর্মী। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহে ওয়াশিংটনের রেডমন্ডে কোম্পানির প্রধান কার্যালয়ে বিক্ষোভে অংশ নেওয়া পাঁচজন কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।

এক সপ্তাহ আগে জাতিসংঘের একটি কমিশন বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যারই শামিল। এরপর মাইক্রোসফট ইসরায়েলের ওই সামরিক ইউনিটের জন্য সেবা বন্ধের খবর এল।

ব্র্যাড স্মিথ লিখেছেন, তারা ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের বলেছেন, ওই সংস্থার ব্যবহৃত ক্লাউডভিত্তিক স্টোরেজ ও এআই সেবা বন্ধ করে দিচ্ছে কোম্পানিটি। 

তিনি আরও বলেছেন, এ ধরনের পর্যালোচনার জন্য কখনোই গ্রাহকের ব্যক্তিগত ডেটা দেখে না মাইক্রোসফট। এ ছাড়া, এ বিষয়ে প্রতিবেদনের জন্য তিনি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে ধন্যবাদও জানিয়েছেন।

ব্র্যাড স্মিথ লিখেছেন, “কর্মী হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে ব্যবহারকারীদের প্রাইভেসি রক্ষা করা। কারণ গ্রাহকের বিশ্বাসই কোম্পানির সবচেয়ে বড় সম্পদ। গ্রাহকরা নিশ্চিত থাকেন যে, তাদের তথ্য নিরাপদ তবেই মাইক্রোসফটের সেবা ব্যবহার করবে তারা।”

আরও পড়ুন…

ইসরায়েলি সেনারা মাইক্রোসফটের অ্যাজিউর ব্যবহার করছে?

ইসরায়েলকে প্রযুক্তি: ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তোপের মুখে মাইক্রোসফট

গণহত্যার সময়ও ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখেছে মাইক্রোসফট