Published : 30 Apr 2026, 01:35 PM
গেইমারদের জন্য সুখবর নিয়ে এল এনভিডিয়া। ল্যাপটপের জন্য জনপ্রিয় আরটিএক্স ৫০৭০ গ্রাফিক্স কার্ডের একটি নতুন ১২ জিবি সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটি।
মেমোরি সংকট কাটিয়ে উঠতে এবং ল্যাপটপ গেইমিংয়ে আরও উন্নত অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ। আগামী জুন থেকে শীর্ষস্থানীয় ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপে এ শক্তিশালী জিপিইউ এর দেখা মিলবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
কোম্পানিটির সবশেষ ‘গেইম রেডি ড্রাইভার্স’ সংক্রান্ত এক ব্লগ পোস্ট বলছে, অংশীদার বিভিন্ন কোম্পানি শিগগিরই ১২ জিবি ভিডিও র্যামসহ ৫০৭০ ল্যাপটপ বিক্রি শুরু করবে। ৫০ সিরিজ বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত কেবল ৮ জিবি মডেলটিই পাওয়া যাচ্ছিল।
এনভিডিয়া বলেছে, “জিফোর্স আরটিএক্স এর চাহিদা বর্তমানে অনেক। তবে মেমোরি বা র্যামের সরবরাহ কিছুটা সীমিত। মেমোরির সহজলভ্যতা নিশ্চিতে আমরা ‘জিফোর্স আরটিএক্স ৫০৭০ ল্যাপটপ জিপিইউ ১২ জিবি’ সংস্করণটি আনছি। এতে ২৪জিবি জি৭ মেমোরি ব্যবহৃত হয়েছে।
“আমাদের পার্টনারদের জন্য মেমোরির অতিরিক্ত উৎস হিসেবে কাজ করবে এটি, যা বর্তমানে বেশিরভাগ জিপিইউতে থাকা ১৬জিবি জি৭ সরবরাহের পাশাপাশি পাওয়া যাবে।”
১২ জিবি ৫০৭০ গ্রাফিক্স কার্ডওয়ালা প্রথম ল্যাপটপগুলো আগামী জুন থেকে বাজারে আসার কথা রয়েছে। আসুস, লেনোভো ও এমএসআই এর মতো নির্মাতারা তাদের নির্দিষ্ট কিছু মডেলে এ ভিডিও কার্ডটি অপশন হিসেবে রাখবে।
এনভিডিয়া এখনও এর দাম নিশ্চিত করেনি। তবে ‘নোটবুক-চেক’ এর মতো সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে লিখেছে, ১২ জিবি ৫০৭০ ল্যাপটপের দাম ‘৫০৭০ টিআই’ মডেলগুলোর কাছাকাছি হতে পারে।
বর্তমানে, ৫০৭০ টিআইওয়ালা একটি পিসি কিনতে গেলে র্যামের পরিমাণের ওপর নির্ভর করে প্রায় ২৬৫০ ডলার পর্যন্ত খরচ হয়। তবে নতুন ১২ জিবি ৫০৭০ ল্যাপটপের দাম অতটা না-ও হতে পারে। কারণ নির্মাতারা এতে তুলনামূলক কম র্যাম ব্যবহার করতে পারেন।
এনভিডিয়া এখনও ১২ জিবি ৫০৭০ এর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে কোম্পানিটি বলেছে, নতুন এ মডেলে ‘১৬জিবি জি৭’ মেমোরির বদলে ‘২৪জিবি জি৭’ মেমোরি ব্যবহৃত হচ্ছে।
এ দুই ধরনের মেমোরি আলাদা উৎপাদন প্রক্রিয়ায় তৈরি হয়। আগেরটিতে ২ জিবি মেমোরি মডিউল ব্যবহৃত হত। আর নতুনটিতে ৩ জিবি মডিউল ব্যবহৃত হয়েছে।
এর মাধ্যমে কোম্পানিটি মেমোরির এমন এক নতুন উৎস ব্যবহার করছে, যা সাম্প্রতিক মাসগুলোতে স্যামসাং ও মাইক্রন ধারাবাহিকভাবে বড় পরিসরে উৎপাদন করতে পেরেছে।
এনভিডিয়া যদি ৫০৭০ এর ডিজাইন পরিবর্তন করে এতে আরও উন্নত ‘১৯২-বিট বাস ইন্টারফেইস’ যোগ না করে তবে নতুন মডেলটি ৫০৭০ টিআই বা এর উপরের মডেলগুলোর মতো দ্রুতগতিতে এই বাড়তি মেমোরি ব্যবহার করতে পারবে না।
বেশিরভাগ গেইমের ক্ষেত্রে বিষয়টি খুব বড় কোনো সমস্যা তৈরি করবে না। তবে কেবল ভিডিও র্যামের পরিমাণ দেখে বিষয়টিকে যতটা বড় আপগ্রেড মনে হচ্ছে বাস্তবে পারফরম্যান্সের দিক থেকে এমনটি ততটা বড় পরিবর্তন নাও হতে পারে।