২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-কুকের সাক্ষাতে ৫ বছরে সেরা সপ্তাহ কাটছে অ্যাপলের

বাজারমূল্যের দিক থেকে এনভিডিয়া ও মাইক্রোসফটের পর এবং গুগল ও মার্কিন ই কমার্স সাইট অ্যামাজনের আগে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল।

ট্রাম্প-কুকের সাক্ষাতে ৫ বছরে সেরা সপ্তাহ কাটছে অ্যাপলের
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কোম্পানিটির সিইও টিম কুক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

২০২০ সালের জুলাইয়ের পর থেকে শেয়ারমূল্যের দিক থেকে সেরা সপ্তাহ কাটাচ্ছে অ্যাপল। এ সপ্তাহে আইফোন নির্মাতা কোম্পানিটির শেয়ার বেড়েছে ১৩ শতাংশ, যা পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে অ্যাপলের জন্য সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান।

বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কোম্পানিটির সিইও টিম কুক, যেটিকে অনেকেই অ্যাপলের এই বড় সাফল্যের পেছনের কারণ হিসেবে দেখছেন।

শুক্রবার অ্যাপলেল শেয়ার চার শতাংশ বেড়ে দুইশা ২৯ দশমিক ৩৫ ডলারে থেমেছে, যা ২০২০ সালের জুলাইয়ের পর থেকে কোম্পানির সবচেয়ে বড় সাপ্তাহিক লাভ। এক সপ্তাহেই অ্যাপলের বাজারমূল্য বেড়েছে ৪০ হাজার কোটি ডলারের বেশি। এখন কোম্পানিটির মোট বাজারমূল্য ৩.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

বাজারমূল্যের দিক থেকে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া ও মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পর তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। এর  পরের অবস্থানে রয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও ই-কমার্স সাইট অ্যামাজন।

বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে কুক ঘোষণা দিয়েছেন, আগামী চার বছরে আমেরিকান কোম্পানি ও আমেরিকান যন্ত্রাংশের ওপর ১০ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে তাদের।

ওই বৈঠককে ট্রাম্প বলেছেন, যেহেতু অ্যাপল মার্কিন মাটিতে পণ্য উৎপাদন করবে ফলে ভবিষ্যতের বাড়তি আমদানি ট্যাক্স বা শুল্ক আরোপ থেকে রেহাই পাবে কোম্পানিটি। ট্রাম্পের নতুন শুল্কে আমদানিকৃত চিপের দাম দ্বিগুণ হতে পারে।

এর আগে, বিনিয়োগকারীরা চিন্তিত ছিলেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে অ্যাপলের লাভ অনেক কমে যেতে পারে।

জুলাইয়ে অ্যাপল সতর্ক করে বলেছিল, ট্রাম্পের শুল্ক নীতিতে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে চলতি প্রান্তিকে তাদের শুল্ক বাবদ একশ কোটি ডলারেরও বেশি খরচ হতে পারে।

বুধবার ‘জেপি মরগ্যান’-এর বিশ্লেষক সামিক চ্যাটার্জি লিখেছেন, “অ্যাপল ও টিম কুক অনিশ্চয়তা মোকাবেলায় দারুণভাবে নিজেদের সক্ষমতা দেখিয়েছেন। শুল্ক সংক্রান্ত সম্ভাব্য ঝুঁকি নিয়ে দীর্ঘদিন বিনিয়োগকারীদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল তা খুব ভালোভাবে সামলেছেন তারা।”

অ্যাপলের শেয়ারে ‘ওভারওয়েট’ রেটিংও দিয়েছেন তিনি। সামিক মনে করছেন, অ্যাপলের শেয়ারমূল্য আরও বাড়বে ও বিনিয়োগের জন্য ভালো হবে এটি।

সিএনবিসি লিখেছে, কুকের হোয়াইট হাউস সফরের এ সাফল্য এমন সময়ে এল যখন কেবল দুই সপ্তাহ আগে জুন প্রান্তিকের আয় প্রকাশ করেছে অ্যাপল, যেখানে কোম্পানিটির মোট আয় বেড়েছে ১০ শতাংশ ও আইফোন বিক্রি বেড়েছে ১৩ শতাংশ।