Published : 16 Jan 2026, 05:05 PM
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা ও ই কমার্স জায়ান্ট অ্যামাজনের মতো বেশ কয়েকটি বড় প্রযুক্তি কোম্পানির সঙ্গে পার্টনাশিপের ঘোষণা দিয়েছে উইকিপিডিয়া।
প্রযুক্তি কোম্পানিগুলো সাধারণত নিজেদের সেবা উন্নত করতে উইকিপিডিয়ার তথ্য ব্যবহার করে। নতুন পদক্ষেপের মাধ্যমে এসব কোম্পানির কাছ থেকে অর্থ নেবে অলাভজনক প্রতিষ্ঠানটি, যা তাদের আয়ের নতুন পথ খুলে দেবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বৃহস্পতিবার অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার মূল প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ‘পারপ্লেক্সিটি’ ও ফ্রান্সের ‘মিস্ট্রাল এআই’সহ আরও বেশ কিছু কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তারা। এর আগে, মেটা ও আমাজনকেও পার্টনারশিপে যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি।
অ্যালফাবেটের মালিকানাধীন মার্কিন সার্চ জায়ান্ট গুগলের সঙ্গে আগে থেকেই চুক্তি রয়েছে উইকিপিডিয়ার, যার ঘোষণা এসেছিল ২০২২ সালে।
বিভিন্ন এআই মডেলকে প্রশিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকিপিডিয়ার কনটেন্ট। ৩০০টিরও বেশি ভাষায় থাকা প্রায় সাড়ে ছয় কোটি নিবন্ধ, বড় বড় প্রযুক্তি কোম্পারি তৈরি ‘জেনারেটিভ এআই’ চ্যাটবট ও এআই অ্যাসিস্ট্যান্টের জন্য প্রয়োজনীয় তথ্যের প্রধান উৎস উইকিপিডিয়া।
তবে এআই প্রশিক্ষণের জন্য উইকিপিডিয়ার বিপুল সংখ্যক তথ্য যখন বিভিন্ন কোম্পানি বিনামূল্যে সংগ্রহ করে তখন তাদের সার্ভারের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। ফলে প্রতিষ্ঠানটির পরিচালনা খরচ অনেক বেড়ে গেছে। অথচ উইকিপিডিয়ার আয়ের প্রধান উৎসই সাধারণ মানুষের দেওয়া ছোট ছোট অনুদান।
নিজেদের ‘এন্টারপ্রাইজ’ পণ্যটির ব্যবহার আরও বাড়ানোর ওপর জোর দিচ্ছে উইকিমিডিয়া। এ সেবার মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি উইকিপিডিয়ার তথ্যে বিশেষ প্রবেশাধিকার পাওয়ার জন্য অর্থ দেবে। একইসঙ্গে পণ্যটিকে এমনভাবে ডেটা বা তথ্য দিয়ে সাজাবে তারা, যাতে কোম্পানিগুলো নিজেদের এআই মডেল প্রশিক্ষণের প্রয়োজন মেটাতে পারে।
উইকিমিডিয়া এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট লেন বেকার বলেছেন, “এসব প্রযুক্তি কোম্পানির কাজের ক্ষেত্রে উইকিপিডিয়া অপরিহার্য অংশ। ফলে তা সচল রাখতে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, তা তাদেরই খুঁজে বের করতে হবে।
“এসব কোম্পানিকে আমাদের ফ্রি প্ল্যাটফর্ম থেকে বাণিজ্যিক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য ঠিক কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, তা বুঝতে আমাদের কিছুটা সময় লেগেছে। তবে আমাদের বড় প্রযুক্তি অংশীদাররা এখন সত্যিই বুঝতে পারছে যে, উইকিপিডিয়ার কাজ এগিয়ে নেওয়ার জন্য তাদের যুক্ত হওয়া তাদের স্বার্থেই প্রয়োজন।”
বিশ্বজুড়ে প্রায় আড়াই লাখ স্বেচ্ছাসেবক সম্পাদক উইকিপিডিয়ার কনটেন্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন। তারা তথ্য লেখা, সম্পাদনা ও সত্যতা যাচাইয়ের মতো বিভিন্ন কাজ করে থাকেন।
চিলিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বার্নাডেট মিহানকে নিজেদের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে উইকিমিডিয়া। ২০ জানুয়ারি নতুন দায়িত্ব গ্রহন করবেন তিনি।