২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি নোটসে রেটিং ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মেটা

ব্যবহারকারী কোনো নোট দেখলে সেটি সহায়ক কি না তা থাম্বস আপ বা ডাউন দিয়ে রেট করতে পারবেন।

কমিউনিটি নোটসে রেটিং ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মেটা
পুরোনো ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের পরিবর্তে কমিউনিটি নোটস চালু করে মেটা। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

মেটা তাদের নতুন পরীক্ষার অংশ হিসেবে কোনো পোস্টে ‘কমিউনিটি নোট’ রেট করা বা নোটের জন্য অনুরোধ করা যাবে এমন ফিচার আনছে। কোম্পানিটির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার গাই রোজেন এ তথ্য প্রকাশ করেছেন।

মার্চে পরীক্ষামূলকভাবে চালু করার পর এপ্রিলে মেটা আনুষ্ঠানিকভাবে তাদের পুরোনো ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের পরিবর্তে কমিউনিটি নোটস এনেছে।

কমিউনিটি নোটস লেখার জন্য অবশ্য আবেদন করতে হয় তবে এই নতুন পরীক্ষার ফলে যে কোনো ব্যবহারকারী কোনো নোট দেখলে সেটি সহায়ক কি না তা থাম্বস আপ বা ডাউন দিয়ে রেট করতে পারবেন। আবার কোনো পোস্ট ভুল বা অতিরিক্ত ব্যাখ্যা প্রয়োজন মনে হলে ব্যবহারকারী নোটের জন্য অনুরোধও জানাতে পারবেন।

এই পরীক্ষায় আরও যোগ হচ্ছে একটি নোটিফিকেশন সিস্টেম। যদি কোনো ব্যবহারকারী এমন কোনো পোস্টে ‘ইন্টার‌্যাক্ট’ করেন যেখানে কমিউনিটি নোট যুক্ত হয়েছে তবে তিনি নোটিফিকেশন পাবেন। 

আগে ফ্যাক্ট-চেক করা পোস্টের ক্ষেত্রেও মেটা একই ধরনের নোটিফিকেশন দিত। তবে আপাতত এই নোটিফিকেশন ঘন ঘন পাওয়া যাবে না। রোজেন বলেছেন, বর্তমানে ৭০ হাজারের বেশি মানুষ কমিউনিটি নোট লিখতে যুক্ত হলেও ১৫ হাজার নোট লেখা হয়েছে এবং এর মধ্যে মাত্র ছয় শতাংশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে।

কমিউনিটি নোটস চালুর মাধ্যমে মেটা আসলে ট্রাম্প আবার নির্বাচিত হওয়ার পর থেকে ডানপন্থী অবস্থানকে আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

যদিও একে ‘মতপ্রকাশের স্বাধীনতা’ রক্ষার উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু এটি আগের ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়ার মতো ভুল তথ্য প্রতিরোধে ততটা কার্যকর নয়। যেমন বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এক্স-এর কমিউনিটি নোটস প্রোগ্রামও প্ল্যাটফর্মটির ভুয়া তথ্যের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে।