Published : 19 May 2026, 06:08 PM
দেশের বাজারে নতুন তিনটি পরিবেশবান্ধব গাড়ি উন্মোচন করেছে চীনা ইভি নির্মাতা কোম্পানি বিওয়াইডি।
'নিউ এনার্জি ভেহিকল’ বা এনইভি’র এসব নতুন মডেলের মধ্যে রয়েছে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি ‘সিল ৬’ ও প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির ‘সিল ৫’ ও ‘সিলায়ন ৬ এডব্লিউডি’।
রোববার সন্ধ্যায় রাজধানীর এক কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব গাড়ি দেশের বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বিওয়াইডি।
একই অনুষ্ঠানে ব্র্যান্ডটির প্রি-অর্ডার করা ৬০টি গাড়ি আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিওয়াইডি বলেছে, নতুন উন্মোচন করা বিওয়াইডি ‘সিল ৫’ মডেলটি সুপার প্লাগ-ইন হাইব্রিড সেডান গাড়ি। ১৫০০ সিসির ইঞ্জিনচালিত এ গাড়িটিতে ব্যবহৃত হয়েছে বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি ও ডিএম-আই প্রযুক্তি, যা সর্বোচ্চ ১৫৪ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।
ফুল চার্জ ও ফুল ফিউয়েল ট্যাংকে গাড়িটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে। গাড়িটির প্রথম ৫০০ ইউনিটের দাম ৩৮ লাখ ৯০ হাজার টাকা।
ইভি ‘সেডান বিওয়াইডি সিল ৬’ ফুল চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেবে। রিয়ার-হুইল ড্রাইভের এ ইভিটি ৯৫ কিলোওয়াট শক্তি ও ২২০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে।
ফাস্ট চার্জিং সুবিধা, অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো সম্বলিত এ গাড়িটির দাম ৪৮ লাখ ৯০ হাজার টাকা।

এ ছাড়া, প্রিমিয়াম সেগমেন্টের অল-হুইল-ড্রাইভ সুপার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি বিওয়াইডি ‘সিলায়ন ৬ এডব্লিউডি’তে রয়েছে ১৫০০ সিসির টার্বোচার্জড ইঞ্জিন, যা কেবল বৈদ্যুতিক মোডেই সর্বোচ্চ ১২৮ কিলোমিটার চলতে পারে।
১৫.৬ ইঞ্চির ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফওয়ালা এ প্রিমিয়াম গাড়িটির দাম ৭১ লাখ ৯০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং।
তিনি বলেছেন, “বিওয়াইডির বৈশ্বিক পরিকল্পনায় বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাজার। নতুন মডেলগুলোর উন্নত প্রযুক্তি ও টেকসই মোবিলিটি সলিউশন বাংলাদেশের গ্রাহকদের নিউ এনার্জি গাড়ি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”
নতুন এ তিনটি মডেলেই বিওয়াইডির নিজস্ব ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন ও চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের।