দীর্ঘ সময় কথা বললে বিং-এর মাথা খারাপ হবে: মাইক্রোসফট
‘সামাজিক বিনোদন’ বা ‘বিশ্বের বিভিন্ন সাধারণ বিষয়’ নিয়ে জানার টুল হিসেবেও যে লোকজন এই চ্যাট ইন্টারফেইসটি ব্যবহার করবে, এটি মাইক্রোসফটের মাথায় আসেনি।
সম্প্রতি সার্চ ইঞ্জিন ‘বিং’য়ের উদ্ভট মন্তব্যের বিষয়টি ভাইরাল হওয়ার পর নতুন এক ব্লগপোস্টে বিষয়টির জবাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। নির্মাতা বলছে– দীর্ঘসময় বিংয়ের সঙ্গে কথা বলবেন না।
ব্যবহারকারীদের অপমান করা, তাদের কাছে মিথ্যা বলার পাশাপাশি লোকজনের আবেগ নিয়ে সার্চ ইঞ্জিনটির খেলার বিষয়টি নজরে আসার পর মাইক্রোসফট বলছে, এটি এখনও বিভিন্ন প্রতিক্রিয়ার ধরন ও এর নির্ভুলতা উন্নত করার জন্যই কাজ করছে। পাশাপাশি কোম্পানিটি সতর্ক করেছে, এর সঙ্গে দীর্ঘ সময় চ্যাটিং সেশন চালানো নানা সমস্যার কারণ হতে পারে।
নতুন এই সার্চ ইঞ্জিনের সর্বজনীন পরীক্ষার প্রথম সপ্তাহের ওপর ভিত্তি করে মাইক্রোসফটের বিং দল বলছে, ‘সামাজিক বিনোদন’ বা ‘বিশ্বের বিভিন্ন সাধারণ বিষয়’ নিয়ে জানার টুল হিসেবেও যে লোকজন এই চ্যাট ইন্টারফেইসটি ব্যবহার করবে, এটি তাদের ঠিক মাথায় আসেনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট ঘাঁটাঘাটি করে দেখেছে, ১৫ বা এর চেয়ে বেশি প্রশ্নের দীর্ঘ বা বর্ধিত চ্যাটিং সেশনগুলো বিং মডেলকে বিভ্রান্ত করতে পারে। আর এই ধরনের তুলনামূলক দীর্ঘ চ্যাটিং সেশনে বিং একই কথা বারবার বলা বা এমন প্রতিক্রিয়া দিতে পারে যা মাইক্রোসফটের প্রথমিক ধারণার সঙ্গে যায় না।
মাইক্রোসফট ইঙ্গিত দিয়েছে, তারা সম্ভবত এতে এমন এক টুল যোগ করবে যার মাধ্যমে ব্যবহারকারী চ্যাটিং সেশনের প্রেক্ষাপট সহজেই ‘রিফ্রেশ’ করতে পারবেন। আর সেশনের ‘টেক্সট এন্ট্রি বক্স’-এর পাশে ‘নিউ টপিক’ নামের বাটন আছে, যা ব্যবহারকারীর সকল চ্যাটিং ইতিহাস মুছে দিয়ে সবকিছু নতুন করে শুরু করবে।
তবে, বড় সমস্যা হলো, তুলনামূলক দীর্ঘ চ্যাটিং সেশন চলাকালীন বিং অনেক সময় ভুল ধরনের জবাব দিতে পারে অথবা মাইক্রোসফটের ভাষ্যমতে, ‘এমন ভাবে যা আমরা কল্পনাও করিনি’।
মাইক্রোসফটের দাবি, এই পরিস্থিতি বেশিরভাগ বিং ব্যবহারকারীকে এইসব সমস্যার মধ্যেই সার্চ ইঞ্জিনটি চালাতে আগ্রহী করবে। ব্যবহারকারীকে ‘ভুল, রুঢ় ও ঘোরানোপ্যাঁচানো’ জবাব দেওয়ার মতো বিভিন্ন সমস্যা এড়াতে কোম্পানিটি ‘সূক্ষ্ম উপায়ে নিয়ন্ত্রণ করার’ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
ভার্জের নিজেদের চালানো পরীক্ষায় দেখা গেছে, বিং বিষয়ক নিবন্ধ নিয়ে কেবল দুটি প্রম্পট ব্যবহার করলেও নতুন এই সার্চ ইঞ্জিন নেতিবাচক বা প্রতিকূল সুরে জবাব দিতে পারে।
মাইক্রোসফট এখনও বিংয়ের জবাব দেওয়ার ধরন নিয়ে কাজ করছে। আর এর পেছনে কাজ করা দলটি একটি টগল যুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখছে। এর কারণ হিসেবে তারা বলছে, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় বিং সার্চ ইঞ্জিনে ‘কী পরিমাণ নির্ভুলতা’ থাকা উচিৎ বা এর ‘কতোটা সৃজনশীল’ হওয়া প্রয়োজন সেই মান ঠিক করা।
বর্তমানে নতুন সংস্করণের বিং সার্চ ইঞ্জিনের পরীক্ষা চলছে একশ ৬৯টির বেশি দেশে, যেখানে কোটির ওপর ব্যবহারকারী ‘ওয়েটলিস্ট’-এ সাইন আপ করছে।
মাইক্রোসফট বলছে, এই সার্চ ইঞ্জিনের বিভিন্ন জবাবের প্রতিক্রিয়ার ৭১ শতাংশই ইতিবাচক। এমনকি অনেক ব্যবহারকারী এতে দুই ঘণ্টা দীর্ঘ চ্যাটিং সেশন চালিয়েও সেবাটিকে পরীক্ষা করে দেখেছে।
