সম্ভবত ‘ফুরিয়ে আসছে’ অ্যাপলের ইয়ারফোন অ্যাডাপ্টার
গত বছর আইফোন ১৫ লাইনআপে নিজেদের প্রচলিত লাইটনিং পোর্ট থেকে সরে এসে এতে ইউএসবি-সি পোর্ট যোগ করেছিল অ্যাপল।
অ্যাপলের ‘লাইটনিং টু ৩.৫মিলিমিটার’ হেডফোন জ্যাক অ্যাডাপ্টার সম্ভবত নিজের সমাপ্তি দেখে ফেলেছে।
যুক্তরাষ্ট্রে অ্যাপলের অনলাইন স্টোর ও গোটা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই এর বিক্রি ফুরিয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যাপলবিষয়ক সাইট ম্যাকরিউমার্স। তবে, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেন’সহ কিছু দেশে অ্যাডাপ্টারটি এখনও পাওয়া যাচ্ছে।
ঘটনাটি সত্য হলে তা অ্যাপলের জন্য বড় এক যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে। কোম্পানিটি লাইটনিং হেডফোন অ্যাডাপ্টার এনেছিল ২০১৬ সালে, আইফোন ৭ উন্মোচনের সময়।
আইফোনের পরের দুটি সংস্করণেও অ্যাডাপ্টরটি বিনামূল্যে দিয়েছে কোম্পানিটি। তবে, ২০১৮ সালে ‘আইফোন এক্সএস’ উন্মোচনের পর তা বন্ধ হয়ে যায়, যার ফলে গ্রাহককে অ্যাডাপ্টরটি কিনে ব্যবহার করতে হতো।
গত বছর আইফোন ১৫ লাইনআপে নিজেদের প্রচলিত লাইটনিং পোর্ট থেকে সরে এসে এতে ইউএসবি-সি পোর্ট যোগ করেছিল অ্যাপল। এর পর থেকেই অ্যাপল থেকে লাইটনিং পোর্ট যে পুরোপুরি বিদায় নিতে যাচ্ছে, সে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।
তবে, অ্যাপলের স্টোরে এখনও বেশ কিছু লাইটনিং অ্যাডাপ্টর, কেবল (এর মধ্যে রয়েছে এয়ারপড ম্যাক্স’র জন্য বিশেষ অডিও কেবলও) এবং লাইটনিং ইয়ারপড পাওয়া যাচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোরে লাইটনিং-টু-ভিজিএ অ্যাডাপ্টরও সম্ভবত শেষ হয়ে গেছে বলে শঙ্কা প্রকাশ করেছে ভার্জ।
