সাবেককে এক্স-এ ব্লক করেছেন ইলন মাস্ক?
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ব্লক করা, সহ-অভিভাবকত্ব আর শিশুদের প্রাইভেসি নিয়ে মুখ খুললেন গ্রাইমস।
সংগীতশিল্পী গ্রাইমস বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সাবেক সঙ্গী ইলন মাস্ক সম্ভবত তাকে ব্লক করেছেন। মাস্কের সঙ্গে তার তিনটি সন্তান আছে।
গ্রাইমস-এর এক ভক্ত লক্ষ্য করেন, ইলন আর গ্রাইমস দুজন আর একে অন্যকে ফলো করছেন না। এ নিয়ে প্রশ্ন করলে গ্রাইমস বলেন, তিনি মাস্ককে আর অনুসরণ করেন না ঠিকই, তবে আগে মাস্কই সম্ভবত তাকে ব্লক করেছেন।
এক্স-এ দেওয়া ওই মন্তব্যে গ্রাইমস লেখেন, “প্রেক্ষাপট হিসেবে বলি, আমি শুধু আমার জীবন যাপন করছি। তিনি আগে আমাকে অনুসরণ করতেন, পরে ব্লক করেন। আমি বারবার ফলো আর আনফলো করার মধ্যে নেই। আমার এখন একমাত্র মনোযোগ যৌথ অভিভাবক হিসাবে আমার সন্তানদের বড় করা।
“প্রকাশ্য নাটক আমার আগ্রহের জায়গা না। ব্যাপারটা হাস্যকর।” - গ্রাইমসের উদ্ধৃতি প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।
গ্রাইমসের আসল নাম ক্লেয়ার এলিস বাউচার। তিনি এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পর্ক শুরু হয় ২০১৮ সালে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একই ধরনের শব্দরসের পোস্ট থেকেই দুজনের যোগাযোগ। ২০২০ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান X Æ A-Xii। সম্পর্ক ভাঙে ২০২১ সালে। তবে ওই বছরই তাদের দ্বিতীয় সন্তান এক্সা ডার্ক সাইডেরেল জন্ম নেয়। পরে ২০২২ সালের জুনে সারোগেটের মাধ্যমে জন্ম নেয় আরেক ছেলে টেকনোমেকানিকাস।
সম্পর্ক ভাঙার পর থেকে গ্রাইমস বারবার এক্স-এ লিখে অনুরোধ জানিয়ে আসছেন, যেন তাদের সন্তানদের প্রকাশ্য জীবন থেকে দূরে রাখা হয়।
চলতি বছরের মার্চে এক অনুসারী তাকে জিজ্ঞেস করেন, অনলাইনে ভুল তথ্য থেকে সন্তানদের রক্ষা করতে তিনি কী করছেন। উত্তরে গ্রাইমস লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে আমি ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না, আর সবকিছু মুছে ফেলতেও পারি না। আমি মানুষকে অনুরোধ করেছি, আমার সন্তানের বাবাকেও বলেছি তাদের অনলাইনে না রাখতে। আইনি পথও চেষ্টা করেছি। আমি আপনাকে এখানে অনুসরণ করি, ইন্টারনেটে কত তরুণ ধ্বংস হয়ে যাচ্ছে সেটাও দেখেছি।”
শিশুদের প্রাইভেসি রক্ষায় আইনের অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। গ্রাইমস লেখেন, “আমার সন্তানদের জীবন যেভাবে উন্মুক্ত হয়ে আছে, সেটা আমাকে গভীর উৎকণ্ঠায় রাখে। প্রতিদিনই ভাবি এর সমাধান কীভাবে সম্ভব।”
এর আগেও আলোচনায় এসেছিলেন গ্রাইমস, যখন ইলন মাস্ক তাদের চার বছর বয়সী ছেলে X Æ A-Xii-কে হোয়াইট হাউসের ওভাল অফিসে নিয়ে যান। সেখানে ডনাল্ড ট্রাম্প সরকারের দক্ষতা বিষয়ক একটি নির্বাহী আদেশে সইয়ের সময় শিশুটিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।
এ নিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক, সহ-অভিভাবকত্ব এবং শিশুদের ডিজিটাল প্রাইভেসি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে এই ঘটনা।
