টেসলার পর্ষদে সিকিভাগ ভোটাধিকার চাইছেন মাস্ক
বিশ্বের সবচেয়ে দামী অটোমেকার কোম্পানিতে তিনি যথেষ্ট প্রভাবশালী হলেও সে প্রভাব কোনো সিদ্ধান্ত বজায় রাখার মতো বড় নয়।
টেসলাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক খাতের নেতৃস্থানীয় পর্যায়ে নেওয়ার লক্ষ্যে কোম্পানির অন্তত ২৫ শতাংশ ভোটে নিজের নিয়ন্ত্রণ রাখতে চান টেসলা সিইও ইলন মাস্ক, যা কোম্পানিতে তার বর্তমান মালিকানার প্রায় দ্বিগুণ।
গেল সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ মাস্ক বলেন, বিশ্বের সবচেয়ে দামী অটোমেকার কোম্পানিতে তিনি যথেষ্ট প্রভাবশালী হলেও সে প্রভাব কোনো সিদ্ধান্ত বজায় রাখার মতো বড় নয়। আর ইভি উৎপাদন ছাড়াও বিভিন্ন নতুন পণ্য তৈরির বিষয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন মাস্ক।
অনেক দিন ধরেই টেসলার প্রায় স্বয়ংক্রিয় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার ও এর মানবাকৃতির রোবটের প্রোটোটাইপের পক্ষে বাজি ধরেছেন মাস্ক। তবে, কোম্পানিটির সবচেয়ে বড় আয়ের খাত হল এর অটোমটিভ ব্যবসা।
বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্কের দখলে। এর আগে ২০২২ সালে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের উদ্দেশ্যে ইভি কোম্পানিটির শত শত কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মার্কিন এই ধনকুবের।
এক্স-এ দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন, কোম্পানির ২৫ শতাংশ ভোটে নিয়ন্ত্রণ পাওয়ার লক্ষ্যে পৌঁছাতে দ্বৈত শ্রেণীর মালিকানার অবকাঠামো নিয়েও তার কোনো আপত্তি নেই। তবে, মাস্ককে কোম্পানির পর্ষদ বলেছে, টেসলার ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা ‘আইপিও’ শেষ হওয়ায় সেটি আর সম্ভব নয়।
‘আইপিও’ হল কোনো ব্যক্তিমালিকানাধীন কোম্পানির প্রথম দিকের শেয়ার সর্বজনীনভাবে বিক্রি শুরু করার প্রক্রিয়া।
“মেটার মতো কোম্পানিতেও একাধিক শ্রেণীর মালিকানার অবকাঠামো রয়েছে, যা জাকারবার্গের পরের ২০ প্রজন্মকে কোম্পানির নিয়ন্ত্রণ দেয়। আইপিও’র আগে হলে তা ঠিক আছে, তবে আইপিও হয়ে যাওয়ার পর কোম্পানিকে দ্বৈত শ্রেণীর মালিকানায় নেওয়ার বিষয়টিও গ্রহণযোগ্য নয়।” --ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দিকে ইঙ্গিত দিয়ে বলেন মাস্ক।
দ্বৈত শ্রেণীর মালিকানার অবকাঠামো থাকা কোম্পানিগুলোতে দুই বা তার চেয়েও বেশি ধরনের শেয়ার ও ভোটাধিকার থাকে, যেখানে সাধারণত কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রাথমিক বিনিয়োগকারীদেরকে অন্যান্য শেয়ার মালিকের তুলনায় বেশি ক্ষমতা দেওয়া হয়ে থাকে।
এ প্রসংগে রয়টার্স টেসলার মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক সাড়া মেলেনি।
এদিকে, নিজের ‘ভর্তুকি প্যাকেজ’ নিয়েও মামলা লড়ছেন মাস্ক, যেখানে মাস্ক ও ২০১৮ সালে দায়িত্ব পালন করা টেসলার পর্ষদের বিরুদ্ধে মামলাটি করেছেন কোম্পানির শেয়ার মালিক রিচার্ড টর্নেট্টা।
মামলার অভিযোগ, টেসলার সহ-প্রতিষ্ঠাতা কোম্পানির পরিচালনা পর্ষদে নিজের ক্ষমতা ব্যবহার করে একটি অবান্তর ভর্তুকি প্যাকেজ চেয়েছিলেন, যেখানে ইভি নির্মাতা কোম্পানিটিতে মাস্কের পুরো সময় কাজ করার মতো প্রয়োজনীয়তাও ছিল না।
তবে এক্স-এ মাস্ক বলেছেন, নিজের নতুন ভর্তুকি প্যাকেজ নিয়ে পর্ষদের সঙ্গে কোনো ‘মতপার্থক্য’ নেই। তবে, মামলার রায় না আসা পর্যন্ত সেটি আটকে আছে।
