Published : 18 Dec 2025, 11:53 AM
চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের জন্য আলোচনা চালাচ্ছে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজন।
দুই কোম্পানির এই বিনিয়োগ চুক্তি সম্পন্ন হলে ওপেনএআইয়ের বাজারমূল্য ৫০ হাজার কোটি ডলারের বেশি হতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মঙ্গলবার এ বিষয়টির সঙ্গে পরিচিত এক সূত্র বলেছে, ওপেনএআইতে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে অ্যামাজন। তবে দুই কোম্পানির মধ্যকার এসব আলোচনা ‘খুবই পরিবর্তনশীল’ এবং বিষয়টি গোপনীয় হওয়ায় নাম প্রকাশ করতে চাননি তিনি।
এ সম্ভাব্য চুক্তি থেকে ইঙ্গিত মেলে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে কম্পিউটিং শক্তির চাহিদা দিনদিন বাড়ছে। কারণ মানুষের মতো বা তার চেয়ে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন সিস্টেম তৈরির জন্য প্রতিযোগিতা করছে এসব কোম্পানি।
এ বছর ওপেনএআইয়ের সঙ্গে শত কোটি ডলারের এআই চুক্তি করেছে এনভিডিয়া ও মার্কিন ডেটাবেইস সফটওয়্যার কোম্পানি ওরাকলের মতো কোম্পানি। এ ছাড়া, নভেম্বরে অ্যামাজনের কাছ থেকে ক্লাউড সেবা কিনতে ৩ হাজার ৮০০ কোটি ডলারের এক চুক্তিতে স্বাক্ষর করেছে ওপেনএআই।
তবে এআইয়ের চাহিদা কমছে কি না বা এত বড় খরচ প্রত্যাশা অনুযায়ী ফল দিচ্ছে কি না সে বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছেন বিনিয়োগকারীরা।
ওপেনএআই ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ বা আইপিও-এর মাধ্যমে শেয়ার বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও বড় বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার কিনতে পারবে। ফলে কোম্পানির মূল্য ট্রিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ই ওপেনএআইতে অ্যামাজনের বিনিয়োগের ব্যাপারে আলোচনার খবর এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সূত্র বলছে, শুরু থেকে অলাভজনক কোম্পানির হিসেবে থাকার ধারা থেকে সরে এসে এখন বিস্তৃত পরিসরে বিভিন্ন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে পারে ওপেনএআই, বিশেষ করে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে তাদের চুক্তি সম্পন্ন করার পর।
ওপেনএআইয়ের ২৭ শতাংশের মালিক মাইক্রোসফট। পাশাপাশি, তারাই একমাত্র কোম্পানি, যারা ওপেনএআইয়ের তৈরি বিভিন্ন এআই মডেল নিজের ক্লাউড গ্রাহকদের কাছে বিক্রি করতে পারে।
ওপেনএআইতে অ্যামাজনের বিনিয়োগের খবর প্রথম প্রকাশ করে ইনফরমেশন।
আমেরিকান প্রকাশনাটি প্রতিবেদনে লিখেছে, অ্যামাজনের ট্রেইনিয়াম চিপ ব্যবহারের পরিকল্পনা করছে ওপেনএআই, যা এনভিডিয়া ও গুগলের চিপের সঙ্গে প্রতিযোগিতা করছে।
এ ছাড়া, অ্যামাজনের বিনিয়োগ ওপেনএআইয়ের জন্য আরও মোটা অংকের তহবিল আনার পথ খুলে দিতে পারে, যেখানে অন্যান্য বিনিয়োগকারীরাও অংশ নেবেন।
ওপেনএআইতে অ্যামাজনের বিনিয়োগের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি কোম্পানি দুটি ও মাইক্রোসফট।