ইনস্টাগ্রামে রঙিন ছবি হঠাৎ সাদা-কালো হয়ে যাচ্ছে কেন?
তবে দুশ্চিন্তার কিছু নেই, এমনটি ক্যামেরা বা অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে হয়নি।
ইনস্টাগ্রামে সম্প্রতি অনেক ব্যবহারকারীর রঙিন ছবি হঠাৎ সাদা-কালো হয়ে যাচ্ছে। সেই কারণটি জানাল ছবি শেয়ার করার সামাজিক মাধ্যমটি।
তবে দুশ্চিন্তার কিছু নেই, এমনটি ক্যামেরা বা অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে হয়নি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
কারিগরি সমস্যার কথা স্বীকার করে মেটা বলেছে, এ সমস্যা এইচডিআর ছবির ক্ষেত্রে ঘটছে, যা ‘দ্রুত সমাধানে’ কাজ করছে তারা।
মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম বলেছে, “কারিগরি সমস্যার কারণে মঙ্গলবার কিছু অ্যাকাউন্টে এইচডিআর ছবিগুলো ভুলবশত সাদা-কালো দেখাচ্ছে।”
তবে ১৮ ও ১৯ এপ্রিল থেকেই অনেক ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ জানাচ্ছেন, অর্থাৎ কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে এ সমস্যাটি গত কয়েকদিন ধরেই চলছে।
এক্ষেত্রে সমস্যাটি ঠিক কবে থেকে শুরু হয়েছিল তা বড় কথা নয়।
ইনস্টাগ্রাম বলেছে, তারা এরইমধ্যে ত্রুটিটি সংশোধন করেছে।
ব্যবহারকারীর পোস্ট করা বিভিন্ন ছবি যদি এখনও সাদা-কালো দেখায় তবে ইনস্টাগ্রাম আশ্বস্ত করে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার আগের রঙিন রূপে ফিরে আসবে।
কোম্পানিটি আরও বলেছে, ব্যবহারকারীদের “সাময়িক এ অসুবিধার” জন্য তারা “দুঃখিত।”
