২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নিপীড়নের ছবি নিয়ে এক্স-এর বিরুদ্ধে মামলা চলবে: বিচারক

মাস্ক ২০২২ সালে টুইটার কেনার আগেই মামলাটি শুরু হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বরে এ মামলা খারিজ করেছিলেন বিচারক। মামলায় অভিযুক্ত নন মাস্ক।

শিশু নিপীড়নের ছবি নিয়ে এক্স-এর বিরুদ্ধে মামলা চলবে: বিচারক
আদালত বলেছে, কিছু অংশে মামলা চললেও আপত্তিকর কনটেন্ট নিয়ে ওঠা অধিকাংশ অভিযোগ থেকে সুরক্ষা পাওয়ার দাবিদার এক্স। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

শিশু নির্যাতন সম্পর্কিত ছবি নিয়ে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর বিরুদ্ধে মামলা চলবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।

শুক্রবার মাস্কের এক্স প্লাটফর্মকে শিশু শোষণের স্বর্গরাজ্য হিসেবে অভিযুক্ত করে একটি মামলার কিছু অংশ আবার চালু করেছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো অঙ্গরাজ্যের নবম ইউএস সার্কিট আপিল আদালত।

তবে একই সময়ে আদালত বলেছে, কিছু অংশে মামলা চললেও আপত্তিকর কনটেন্ট নিয়ে উঠা অধিকাংশ অভিযোগ থেকে সুরক্ষা পাওয়ার দাবিদার এক্স।

আদালত বলেছে, এক্স’কে অবশ্যই একটি বিশেষ অভিযোগের সামনে দাঁড়াতে হবে। অভিযোগটি হচ্ছে, দুইজন ছোট ছেলের কাছে এক কিশোরীর আপত্তিকর ছবি থাকা ভিডিওটি ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ বা এনসিএমইসি-কে জানানোর ক্ষেত্রে সময়ক্ষেপণ করেছে, যা অবহেলা বা ‘নেগলিজেন্স’ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে এর দায়িত্ব প্লাটফর্মটিকেই নিতে হবে।

মাস্ক ২০২২ সালে টুইটার কেনার আগেই মামলাটি শুরু হয়েছিল। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে এক ট্রায়ালে এ মামলা খারিজ করেছিলেন বিচারক। তবে মামলায় মাস্ক কোনোভাবে অভিযুক্ত নন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

এ বিষয়ে মন্তব্যের জন্য গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি এক্স-এর আইনজীবীরা।

জন ডো ১ ছদ্মনামে নামে একজন বাদী বলেছেন, ১৩ বছর বয়সে তাকে জন ডো ২ নামে তার এক বন্ধু স্ন্যাপচ্যাটে তারই স্কুলের ১৬ বছর বয়সী একজন মেয়েকে তার নগ্ন ছবি দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন।

গার্ডিয়ান লিখেছে, ওই স্ন্যাপচ্যাট ব্যবহারকারী আসলে শিশু নিপীড়নসংস্লিষ্ট এক ছবি পাচারকারী। তিনি বাদীদের ওপর চাপ তৈরি করে আরও ছবি পাঠানোর জন্য বাধ্য করেছিলেন। পরে সেইসব ছবি ব্যবহার করে তৈরি করা এক ভিডিও  টুইটারে পোস্ট করেছিলেন তিনি।

আদালতের নথি অনুসারে, টুইটার ওই কনটেন্ট সম্পর্কে জানার পরও তা সরাতে এবং এনসিএমইসি’কে রিপোর্ট করতে ৯ দিন সময় নিয়েছিল। আর এ সময়ের মধ্যে ভিডিওটি এক লাখ ৬৭ হাজার বারেও বেশি বার দেখা হয়েছে।

সার্কিট বিচারক ড্যানিয়েল ফরেস্ট বলেছেন, ‘ফেডারেল কমিউনিকেশনস ডেসেন্সি অ্যাক্ট’-এর ধারা ২৩১ অনুসারে ব্যবহারকারীদের কনটেন্টের জন্য দায়ী থাকে না অনলাইন প্ল্যাটফর্মগুলো। তবে এ ক্ষেত্রে, টুইটার ওই অবৈধ ছবি সম্পর্কে জানতে পেরেও সঠিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে আইনের এ ধারা কোম্পানিটিরক রক্ষা করতে পারে না। প্লাটফর্মটিকে অবশ্যই অবহেলা বা নেগলিজেন্স-এর দায় নিতে হবে।

তিন বিচারকের প্যানেলের পক্ষে ফরেস্ট লিখেছেন, “এখানে টুইটার স্পষ্টভাবে জানত যে, ভিডিওটিতে শিশু পর্নোগ্রাফি রয়েছে। ফলে প্লাটফর্মটির দায়িত্ব ছিল তা দ্রুত এনসিএমইসি-কে রিপোর্ট করার। এ দায়িত্ব তাদের সাধারণ প্রকাশক হিসেবে কাজের দায়িত্ব থেকে আলাদা ও গুরুত্বপূর্ণ। আইনগতভাবেও এ ধরনের অবৈধ কনটেন্ট বিষয়ে যে কোনও সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম দ্রুত জানাতে বাধ্য।”

এক বিবৃতিতে ‘ন্যাশনাল সেন্টার অন সেক্সুয়াল এক্সপ্লয়টেশন’-এর আইনজীবী ও বাদীদের প্রতিনিধিত্বকারী দানি পিন্টার বলেছেন, “ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা এক্স-এর বিরুদ্ধে তদন্ত ও শেষ পর্যন্ত বিচারের অপেক্ষায় রয়েছি।”