Published : 01 Jun 2026, 01:06 PM
যুক্তরাজ্যে প্রচলিত অনলাইন সার্চ বা খোঁজাখুঁজির চেয়ে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিয়ে কেনাকাটায় বেশি বিক্রি হচ্ছে বলে উঠে এসে অ্যাডোবি’র এক পরিসংখ্যানে।
কম্পিউটার সফটওয়্যার ও অ্যানালিটিক্স কোম্পানি অ্যাডোবি বলেছে, এ মাসে সাধারণ সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের তুলনায় যারা বিভিন্ন এআই মাধ্যমের লিংক থেকে যুক্তরাজ্যের খুচরা বিক্রয় সাইটগুলোতে এসেছেন তাদের কেনাকাটা শেষ করার হার বেশি ছিল।
এ বছরের মে মাসের পরিসংখ্যান অনুসারে, গত বছরের একই সময়ের তুলনায় যুক্তরাজ্যে ‘এআই শপিং কনভার্সন রেট’ বা এআই ব্যবহারের মাধ্যমে ক্রেতায় পরিণত হওয়ার হার ১৮২ শতাংশ বেড়েছে এবং গেল বছরের জানুয়ারির পর থেকে এ বৃদ্ধির হার ৫৪৩ শতাংশ।
এ ‘এআই শপিং কনভার্সন রেট’ থেকে জানা যায় কত শতাংশ অনলাইন ক্রেতা বিভিন্ন এআইচালিত টুল ব্যবহার করে পরবর্তীতে পণ্যটি কিনছেন।
এখন সার্চ ইঞ্জিনে কোনো নির্দিষ্ট শব্দ লিখে স্ক্রল করার পরিবর্তে ক্রেতারা সরাসরি এআই’কে প্রশ্ন করছেন এবং একটি নির্দিষ্ট উত্তর পেয়ে যাচ্ছেন, যার সঙ্গে পণ্যটি কেনার সরাসরি লিংকও দেওয়া থাকছে।
অ্যাডোবি ২০২৪ সালের অগাস্ট থেকে খুচরা বিক্রয় সাইটগুলোতে এআইয়ের মাধ্যমে আসা ক্রেতাদের তথ্য ট্র্যাক করছে।
তাদের হিসাব অনুসারে, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে এআইচালিত ট্রাফিক বা ক্রেতার আগমন ৩৯৩ শতাংশ বেড়েছে।
অ্যাডোবির করা পৃথক এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের প্রায় ৩৭ শতাংশ ক্রেতা এরইমধ্যে অনলাইন কেনাকাটার জন্য এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেছেন, যার মধ্যে বেশিরভাগই পণ্য সম্পর্কে জানতে ৪৩ শতংশ ও পণ্যের সুপারিশ বা সাজেশন পেতে ৪০ শতাংশ এআই ব্যবহার করেছেন।
এআই ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ বিশ্বাস করেন, এআই তাদের সঠিক তথ্য দেয়। আর ৭০ শতাংশ বলেছেন, পণ্য সম্পর্কে জানার জন্য এআই অ্যাসিস্ট্যান্টই এখন তাদের প্রধান উৎস।
অ্যাডোবি ডিজিটাল ইনসাইটস-এর পরিচালক বিবেক পান্ডিয়া বলেছেন, “ক্রেতারা যেহেতু বিভিন্ন এআই টুলের ওপর ভরসা করতে শিখেছেন, ফলে তারা তাদের কেনাকাটার বিষয়ে এখন অনেক বেশি নিশ্চিত থাকেন এবং পণ্য ফেরত দেওয়ার হারও কমেছে।
“প্রচলিত বিভিন্ন মাধ্যমের তুলনায় এআই ট্রাফিক থেকে ক্রেতায় পরিণত হওয়ার হার দিন দিন আরও সুনির্দিষ্ট ও উন্নত হচ্ছে এবং এর ব্যবহারও দ্রুত বাড়ছে।
“খুচরা বিক্রেতাদের জন্য এখানে স্পষ্ট বার্তা হচ্ছে, আপনাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেন অবশ্যই এআইবান্ধব হয়। বিষয়টি এখন আর কেবল ‘থাকলে ভালো হত’ এমন কোনো বিষয় নয়, বরং কেনাকাটার এ নতুন দুনিয়ায় টিকে থাকতে ও বিক্রি বাড়াতে এটাই এখন অন্যতম প্রধান চাবিকাঠি।”