Published : 20 Sep 2025, 10:34 AM
গুগলের ডিসকভার কনটেন্ট ফিডে নতুন কিছু ফিচার আসছে। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও ইউটিউব শর্টস দেখাতে শুরু করবে মার্কিন সার্চ জায়ান্ট গুগল ডিসকভার।
গুগল বলছে, এখন কেবল ওয়েবের বিভিন্ন আর্টিকেলই নয়, বরং এর সঙ্গে আরও কিছু যোগ হচ্ছে। এবার থেকে সেখানে ইনস্টাগ্রাম, এক্স-এর মত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং ইউটিউব শর্টসের মত কনটেন্টও দেখা যাবে।
এক ঘোষণায় গুগল লিখেছে, “আমাদের গবেষণায় ব্যবহারকারীরা বলেছেন, ডিসকভারে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করেন তারা। যেমন– ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ও বিভিন্ন আর্টিকেলের মিশ্রণ।”
এসব পরিবর্তন ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ ডিসকভারে দেখা যেতে শুরু করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
তবে ডিসকভারের জন্য বিষয়টি একেবারে নতুন নয়। বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের ফিড কাস্টমাইজ বা নিজের মতো করে সাজাতে পারবেন।
কোম্পানিটি বলেছে, এখন থেকে ব্যবহারকারীরা যে কোনো নির্মাতা বা প্রকাশককে ফলো করতে পারবেন, যাতে তাদের কনটেন্ট বেশি করে ফিডে দেখা যায়। এ ছাড়াও, ব্যবহারকারীরা চাইলে নির্মাতার নামের ওপর ট্যাপ করে তাদের সামাজিক মাধ্যম পোস্ট বা আর্টিকেলের ঝলকও দেখতে পারবেন।
এসব সুবিধা অনেকটা সম্প্রতি গুগল সার্চে চালু হওয়া ফিচারের মতো, যেখানে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের নিউজ সোর্স বা উৎস বেছে নিতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
গুগলের ডিসকভার ফিডের সাম্প্রতিক বিভিন্ন আপডেটের মধ্যে আরেকটি নতুন সংযোজন এটি। সম্প্রতি আরও কিছু আধুনিক ফিচার চালু করেছে গুগল। যেমন– এআই জেনারেটেড সামারি, যা ডিসকভার ফিডে থাকা কনটেন্টের সংক্ষিপ্তসার স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেখায়।
আরেকটি হচ্ছে অটোমেটিক পডকাস্ট তৈরি করার টুল, যা ডিসকভার ফিডে থাকা কনটেন্ট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পডকাস্ট বানানো যায়, যা ব্যবহারকারীরা শুনতে পারেন। এসব আপডেটের মাধ্যমে ডিসকভারকে আরও ইন্টারঅ্যাকটিভ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলছে মার্কিন সার্চ জায়ান্টটি।