০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তথ্য সুরক্ষার সুবিধাসহ নতুন রোবট ভ্যাকিউম আনল ডিজেআই

নতুন বিভিন্ন মডেল ঘরের বিভিন্ন বস্তুর উপস্থিতি শনাক্তকরণে আগের চেয়ে বেশি নির্ভুল ও ঘরের তথ্য সুরক্ষায় দেবে বাড়তি প্রাইভেসি।

তথ্য সুরক্ষার সুবিধাসহ নতুন রোবট ভ্যাকিউম আনল ডিজেআই
চিপ ও সেন্সরের এ উন্নয়ন রোবটটিকে মেঝের ওপর থাকা সূক্ষ্ম বস্তুর উপস্থিতিও মিলিমিটার পর্যায় পর্যন্ত নির্ভুলভাবে বুঝতে সাহায্য করবে। ছবি: ডিজেআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 12:09 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ড্রোন প্রযুক্তির পর এবার ঘর পরিষ্কারের স্বয়ংক্রিয় যন্ত্রে নতুন উদ্ভাবন নিয়ে এল চীনা প্রযুক্তি কোম্পানি ডিজেআই।

জার্মানির বার্লিনে আয়োজিত ‘আইএফএ ২০২৬’ প্রযুক্তি প্রদর্শনীতে নিজেদের নতুন রোবট ভ্যাকিউম ক্লিনার ‘ডিজেআই রোমো ২’ উন্মোচনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

২০২৫ সালে বাজারে আসা প্রথম প্রজন্মের ‘ডিজেআই রোমো’র মতো নতুন সিরিজের মডেলগুলোতেও আংশিক স্বচ্ছ ডিজাইন দেখা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

ডিজেআইয়ের দাবি, নতুন বিভিন্ন মডেল ঘরের বিভিন্ন বস্তুর উপস্থিতি শনাক্তকরণে আগের চেয়ে বেশি নির্ভুল ও ঘরের তথ্য সুরক্ষায় দেবে বাড়তি প্রাইভেসি।

নতুন এ সিরিজে রয়েছে দুটি মডেল, ‘রোমো পি২’ ও ‘রোমো এ২’। ড্রোন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এদের ন্যাভিগেশন ও ‘অবস্ট্যাকল এভয়ডেন্স’ বা বাধা এড়ানোর ব্যবস্থা সিস্টেমকে একেবারে নতুন করে সাজানো হয়েছে।

ডিজেআই বলেছে, চিপ ও সেন্সরের এ উন্নয়ন রোবটটিকে মেঝের ওপর থাকা সূক্ষ্ম বস্তুর উপস্থিতিও মিলিমিটার পর্যায় পর্যন্ত নির্ভুলভাবে বুঝতে সাহায্য করবে।

ফলে মেঝের ওপর থাকা কেবল বা তার এড়িয়ে চলার পাশাপাশি মেঝের ধরন ও ময়লার প্রকৃতি বুঝে স্বয়ংক্রিয়ভাবে নিজের সাকশন সক্ষমতা ও পরিষ্কারের ধারা বদলে নিতে পারবে এই রোবট।

কাচ ও আয়নার বাধা চিহ্নিত করতে এটি কার্যকর। কম আলো বা অন্ধকারে ময়লা ও বস্তু শনাক্ত করতে এতে যোগ হয়েছে নিজস্ব আলো।

কেবল যাতায়াত বা ন্যাভিগেশন নয়, যন্ত্রটির পরিষ্কার করার সক্ষমতা বাড়াতে বেশ কিছু যান্ত্রিক উন্নতি আনা হয়েছে। সোফা বা ক্যাবিনেটের নিচের অংশ পরিষ্কারের জন্য রয়েছে বিশেষ এক ‘মপিং আর্ম’, যা লাইডার প্রযুক্তির সহায়তায় ১২৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে।

এ ছাড়া, মেঝেসহ অন্যান্য জায়গায় শক্ত বায়ুরোধক স্তর তৈরি করে সর্বোচ্চ ৩৬ হাজার প্যাস্কেল সক্ষমতার সাকশন তৈরি করতে পারে এর প্রেশার প্লেট।

অন্যান্য প্রিমিয়াম রোবট ভ্যাকিউমের মতো এতেও যোগ হয়েছে বিশেষ ‘রোবোটিক লেগস’ বা কৃত্রিম পা। ফলে ভ্যাকিউমটি ঘরের ৮ দশমিক ৫ সেন্টিমিটার পর্যন্ত উঁচু কোনো ধাপ বা বাধা অনায়াসে ডিঙ্গিয়ে পার হতে পারবে।

ডিজেআই বলেছে, ২০২৬ সালের চতুর্থ প্রান্তিক থেকে নতুন উপাত্ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে রোমো ২ ভ্যাকিউমগুলোতেও যোগ হচ্ছে ‘লোকাল ডেটা মোড’, যা প্রথম চালু হয়েছিল কোম্পানিটির ড্রোনে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক রোবট নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ডিজেআইয়ের এ নতুন কৌশল বেশ গুরুত্বপূর্ণ বলে ধারণা বিশেষজ্ঞদের।

এ মোড চালু থাকলে ‘ডিজেআই হোম’ অ্যাপের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে রোবট ভ্যাকিউমে থাকা ক্যামেরার ছবি বা ভিডিও বাহ্যিক কোনো সার্ভারে যাওয়ার সুযোগ থাকে না।

এ ছাড়া, ব্যবহারকারীরা চাইলে ভ্যাকিউমের ক্যামেরা ও মাইক্রোফোন পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন এবং ডিজেআইয়ের সঙ্গে শেয়ার করা ব্যক্তিগত সব উপাত্ত মুছে ফেলার সুবিধাও থাকছে।

তথ্য সুরক্ষার এসব পরিবর্তন মার্কিন নিষেধাজ্ঞা থেকে রেহাই পাওয়ার জন্য যথেষ্ট কি না তা এখনই বলা যাচ্ছে না।

আপাতত ইউরোপের বাজারের জন্য রোমো ২ সিরিজের দাম ঘোষণা করেছে ডিজেআই। সেপ্টেম্বর থেকেই কোম্পানিটির নিজস্ব ওয়েবসাইট ও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে গ্রাহকরা কিনতে পারবেন।

স্বচ্ছ বেস স্টেশনসহ ‘ডিজেআই রোমো পি২’র দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ইউরো থেকে। অন্যদিকে সাদা রঙের বেস স্টেশন সংবলিত ‘ডিজেআই রোমো এ২’র প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৯৯ ইউরো।

দুটি মডেলের মধ্যে দৃশ্যমান অন্য কোনো পার্থক্যের কথা ডিজেআই স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, আগের বিভিন্ন মডেলের মতো এবারও ‘পি২’-এর বেস স্টেশনে বেশ কিছু বাড়তি সুবিধা থাকবে।