Published : 15 Aug 2025, 03:18 PM
২০২৫ সালের শুরুর দিকে আন্তর্জাতিক প্রযুক্তি ইভেন্ট সিইএস-এ প্রথমবার উন্মোচনের পর অবশেষে স্যামসাং বাজারে এনেছে তাদের নতুন মাইক্রো আরজিবি ব্যাকলাইট প্রযুক্তিযুক্ত টিভি।
স্যামসাংয়ের পণ্য বিষয়ক সংবাদের সাইট স্যামমোবাইলের বরাত দিয়ে ভার্জ লিখেছে, ১১৫ ইঞ্চি আকারের এই টিভি প্রথমে দক্ষিণ কোরিয়ায় বিক্রি শুরু হয়েছে প্রায় ৩২ হাজার ডলারে। যুক্তরাষ্ট্রে শিগগিরই এটি আনার ঘোষণা দিয়েছে কোম্পানিটি, এরপর ধাপে ধাপে বিশ্বব্যাপী বাজারে আরও ভ্যারিয়েন্ট ও আকারে পাওয়া যাবে।
মাইক্রো আরজিবি প্রযুক্তি বর্তমান মিনি এলইডি ব্যাকলাইটের উন্নত সংস্করণ হিসেবে এসেছে। মিনি এলইডি টিভিতে প্যানেলের পেছনে সাদা বা নীল রঙের ক্ষুদ্র এলইডি থাকে কিন্তু মাইক্রো আরজিবি-তে রয়েছে আলাদা আলাদা লাল, সবুজ ও নীল এলইডি, যেগুলোর আকার ১০০ মাইক্রোমিটারেরও কম এবং প্রতিটি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়।
স্যামসাংয়ের মাইক্রো আরজিবি এআই ইঞ্জিন প্রতিটি ফ্রেম রিয়েল-টাইমে বিশ্লেষণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে রং এর আউটপুট সামঞ্জস্য করে, ফলে ছবির রং হয় আরও বাস্তবসম্মত ও প্রাণবন্ত। এতে কালার অ্যাকিউরেসি ও কনট্রাস্ট উন্নত হয় এবং ফিকে দৃশ্যেও রং উজ্জ্বলভাবে ফুটে ওঠে।
আরেকটি বড় সুবিধা হলো, মাইক্রো আরজিবি প্রযুক্তির উৎপাদন খরচ মাইক্রো এলইডি টিভির তুলনায় অনেক কম। উদাহরণ হিসেবে, নতুন ১১৫ ইঞ্চি মাইক্রো আরজিবি টিভির দাম যেখানে প্রায় ৩২ হাজার ডলার, সেখানে স্যামসাং বর্তমানে যুক্তরাষ্ট্রে ১১০ ইঞ্চি মাইক্রোএলইডি টিভি বিক্রি করছে প্রায় দেড় লাখ ডলারে।
স্যামসাংয়ের নতুন ফোরকে টিভিতে গেইমিংয়ের জন্য রয়েছে ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এআই আপস্কেলিং, এইচডিআর ১০+ সাপোর্ট, ৭০ ওয়াটের ৪.২.২ স্পিকার সেটআপ যা ডলবি অ্যাটমস সাপোর্ট করে।
সংযোগের জন্য আছে চারটি এইচডিএমআই ২.০ পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, ওয়াই-ফাই ও ব্লুটুথ। টিভিটি স্মার্ট হোম ডিভাইস চালানোর জন্য ম্যাটার কন্ট্রোলার হিসেবেও কাজ করতে পারে এবং ফিলিপস হিউ লাইট ব্যবহার করলে পর্দায় যা চলছে তার সাথে লাইটের রং মিলিয়ে দিতে পারে।
তবে এই উন্নত মিনি এলইডি পদ্ধতি নিয়ে শুধু স্যামসাংই কাজ করছে না। এ বছরের শুরুতে সনি দেখিয়েছে তাদের জেনারেল আরজিবি ব্যাকলাইট টেকনোলজি, যেখানে ব্যাকলাইট জোন তৈরি হয়েছে লাল, সবুজ ও নীল এলইডি দিয়ে।
একইভাবে সিইএস ২০২৫-এ হাইসেন্স উন্মোচন করেছে ১১৬ ইঞ্চির ট্রাইক্রোমা এলইডি টিভি যাতে আরজিবি লোকাল ডিমিং টেকনোলজির মাধ্যমে আলাদা আরজিবি এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে।
হাইসেন্স দাবি করছে, তাদের টিভি বিটি.২০২ কালার স্পেসের ৯৭ শতাংশ পর্যন্ত রং পুনরুত্পাদন করতে পারে। তবে স্যামসাং বলছে, মাইক্রো আরজিবি প্রযুক্তি দিয়ে তারা শতভাগ কালার স্পেস কাভার করতে পারে, যা বাজারে ভোক্তাদের জন্য পাওয়া সবচেয়ে রং-নির্ভুল টিভির মধ্যে অন্যতম হতে পারে।