১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফোনের দাম বাড়ানোর কথা ‘ভাবছে’ অ্যাপল?

অ্যাপলের বেশিরভাগ পণ্য চীনে তৈরি হলেও দাম বাড়ানোর বেলায় ডনাল্ড ট্রাম্পের আমদানী শুল্ক বাড়ানোকে কারণ হিসাবে দেখাতে চায় না কোম্পানিটি।

আইফোনের দাম বাড়ানোর কথা ‘ভাবছে’ অ্যাপল?
এমন খবর প্রকাশের পর পরই অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

আইফোনের দাম বাড়ানোর কথা বিবেচনা করছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সোমবার মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে লিখেছে, এ বছরের শরতে আইফোনের যে নতুন মডেলগুলো আসবে, সেগুলোর দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অ্যাপল। দাম বাড়ানোর পাশাপাশি নতুন আইফোনের ফিচার ও ডিজাইনেও পরিবর্তন আনতে চাচ্ছে কোম্পানিটি।

ওয়াল স্ট্রিটের এমন খবর প্রকাশের পরই প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম ৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো মূল্যে এমন পরিস্থিতি এড়াতে চায় অ্যাপল, যেখানে কেউ যেন মনে না করে চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের কারণে আইফোনের দাম বাড়াচ্ছে তারা। অ্যাপলের বেশিরভাগ পণ্য চীনে তৈরি হলেও দাম বাড়ানোর বেলায় অন্য কারণ দেখাতে চায় কোম্পানিটি।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি অ্যাপল।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্যাপকহারে আমদানী শুল্ক বাড়ানোর কারণে অ্যাপল পণ্যের দাম নাটকীয়ভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

তারা বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের কারণে পরবর্তী আইফোনের দাম ২ হাজার ৩০০ ডলার পর্যন্ত হতে পারে। 

বিশ্লেষকরা আরও বলেছিলেন, শুল্কের কারণে বিভিন্ন কোম্পানির উৎপাদন ব্যয় ৩০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই বাড়তি খরচ কোম্পানিগুলো ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কি না সে বিষয়টিও স্পষ্ট নয়।

আরও খবর

ট্রাম্পের শুল্কআইফোনের দাম হতে পারে ২৩০০ ডলার পর্যন্ত