Published : 25 Aug 2025, 05:06 PM
এআই পরিষেবা মিডজার্নির সঙ্গে এক পার্টনারশিপের আওতায় এআই ছবি ও ভিডিও প্রযুক্তির লাইসেন্স নিচ্ছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
মিডজার্নি এমন এক এআই পরিষেবা, যা লেখা থেকে ছবি ও ভিডিও তৈরি করতে পারে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্দার ওয়াং বলেছেন, ভবিষ্যতের মডেল ও বিভিন্ন পণ্যের জন্য মিডজার্নির ‘নান্দনিক প্রযুক্তি’ ব্যবহারের লাইসেন্স নিচ্ছে তারা।
তিনি আরও বলেছেন, “মানুষের জন্য সেরা পণ্য সরবরাহ করতে চাইলে মেটাকে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে হবে। যার মধ্যে রয়েছে বিশ্বমানের প্রতিভা, উচ্চ সক্ষমতার কম্পিউটেশন ও শিল্পের সেরা প্রতিষ্ঠানের সঙ্গে কাজে মতো বিষয়ও।”
এর আগে নিজেদের নিজস্ব এআই ছবি তৈরি ও ভিডিও এডিটর চালু করেছিল মেটা। তবে মিডজার্নির প্রযুক্তি হাতে পাওয়ায় মেটা এখন ওপেনএআইয়ের ‘সোরা’ ও গুগলের ‘ভিও’-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
জুনে তাদের ‘ভি৭’ মডেলকে ডিফল্ট ইমেজ জেনারেশন মডেল হিসেবে ঘোষণা করেছে মিডজার্নি। এ মডেলটি সম্পূর্ণ নতুন ও আগের বিভিন্ন মডেলের চেয়ে লেখা থেকে ছবি তৈরিতে অনেক বেশি স্মার্ট। একই সময়ে ভি১’ ভিডিও মডেলও চালু করেছে তারা, যা ব্যবহারকারীদের তৈরি করা ছবিকে ছোট অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তরের সুবিধা দিচ্ছে।
এক এক্স পোস্টে ওয়াং বলেছেন, “আমরা মিডজার্নির কাজ দেখে মুগ্ধ। প্রযুক্তিগত ও নান্দনিক উৎকর্ষের সত্যিকারের কীর্তি গড়েছেন তারা এবং তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে আমরা রোমাঞ্চিত।”
এনগ্যাজেট লিখেছে, একটি সুপারইন্টেলিজেন্স ল্যাবরেটরি গঠন করে এআই জগতে প্রধান খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে মেটা। এ পার্টনারশিপ মেটার সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ।
বড় মাত্রার নিয়োগ অভিযান চালিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির কয়েকজন গুরুত্বপূর্ণ এআই গবেষণা প্রতিভাকে বিশাল অঙ্কের বেতন ও সাইনিং বোনাসের প্রস্তাব দিয়ে ভাগিয়ে আনতে পেরেছেন কোম্পানিটির প্রধান মার্ক জাকারবার্গ।
ওয়াং নিজেও মেটার প্রধান এআই কর্মকর্তা হন, যখন মেটা তার প্রতিষ্ঠিত কোম্পানি ‘স্কেল এআই’-তে এক হাজার চারশ ৮০ কোটি ডলার বিনিয়োগ করেন।