Published : 14 Sep 2026, 04:40 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিকাশ নিয়ন্ত্রণ ও এর গতি শ্লথ করার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল, যেখানে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর সাম্প্রতিক এক আহ্বানকে কেন্দ্র করে শুরু হওয়া এ বিতর্কে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই পরাশক্তি।
এআই প্রযুক্তির বিকাশ ধীর করার বিষয়ে অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেইয়ের আহ্বানকে নিরাপত্তার ঝুঁকির কথা বলে ‘যৌক্তিক বক্তব্য’ হিসেবে তুলে ধরলেও এটা চীনের বিরুদ্ধে ‘স্নায়ুযুদ্ধ কৌশল’ ছাড়া আর কিছু নয় বলে দাবি করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।
শনিবার প্রকাশিত আমোদেইয়ের ওই নিবন্ধে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও সমর্থন জানান, যেখানে অ্যানথ্রপিক আধুনিক বিভিন্ন এআই মডেল বিকাশের গতিতে রাশ টানা ও নিরাপত্তার ঝুঁকিগুলো সামাল দিতে পর্যাপ্ত সময় নেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন।
ওই নিবন্ধে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের ওপর চিপ রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করার ও চীনা এআই ল্যাবগুলোর মাধ্যমে মডেল ডিস্টিলেশন প্রক্রিয়া কঠোর হাতে দমনের তাগিদ দিয়েছেন আমোদেই।
এরপর রোববার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আমোদেই বলেছেন, তার এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ও ‘কঠিন দ্বিধা’ হচ্ছে চীন এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলো সম্ভবত এআই খাতের অগ্রগতি থামিয়ে দেবে না।
তবে চীনের প্রভাবশালী ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমোদেইয়ে এ নিবন্ধের আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।
তাদের ভাষ্য, এর মূল লক্ষ্য ‘প্রযুক্তিগত বাধা ও নিয়ন্ত্রক একচেটিয়া আধিপত্যের মাধ্যমে চীনের এআই বিকাশকে থামানোর চেষ্টা করা, আধুনিক প্রযুক্তিতে ওয়াশিংটনের একচেটিয়া আধিপত্য ধরে রাখা ও বৈশ্বিক এআই শাসন ব্যবস্থা থেকে চীনকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া’।
গ্লোবাল টাইমস লিখেছে, এ ধরনের ‘নীরব এআই স্নায়ুযুদ্ধ কপটতাপূর্ণ ও দূরদর্শিতাবিহীন’। বৈশ্বিক এআই উদ্ভাবন প্রক্রিয়া থেকে চীনকে বাইরে রেখে ফায়দা লোটার এই চেষ্টা বিশ্বে প্রযুক্তিগত ভুলত্রুটির ঝুঁকি ও নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা বহুগুণ বাড়িয়ে দেবে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এআই নিয়ন্ত্রণের জন্য নতুন নিয়ম চালুর দাবি জানিয়েছেন। অ্যানথ্রপিকের দুই গবেষকের এমন এক আশঙ্কার পর এ দাবি ওঠে, যেখানে বলা হয়েছে, দ্রুত বিকশিত হতে থাকা এআই অদূর ভবিষ্যতে মানবজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে, রোববার এআইয়ের গতি কমিয়ে আনার এমন আহ্বান সরাসরি খারিজ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কিছু ‘খুবই নেতিবাচক শক্তি’ এআই নিয়ে অতিরঞ্জিত শঙ্কা ছড়াচ্ছে।
“আমরা এআইয়ে চীনের চেয়ে এগিয়ে আছি। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত দেশ ও সত্যি বলতে আমি এ পরিস্থিতি ধরে রাখতে চাই। কারণ যে এআই দৌড়ে জিতবে, সেই বিশ্বজয় করবে।”
মার্কিন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের এআইয়ের বিকাশ ধীর করার আহ্বান প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে এআইয়ের ক্ষেত্রে ‘উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি’ অনুসরণের তাগিদ দিয়েছে।
সোমবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, “বিভিন্ন ধরনের হুমকি উসকে দেওয়া, সংঘাতে জড়ানো ও ক্ষতিকর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া কেবল এআইয়ের বৈশ্বিক শাসন প্রক্রিয়াকেই ব্যাহত করবে, যা কোনো পক্ষেরই স্বার্থের অনুকূল নয়।”
সূত্রের খবর, যুক্তরাষ্ট্র ও চীন আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আধুনিক এআইয়ের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা করছে। আগামী ২৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার আসন্ন শীর্ষ বৈঠকেও বিষয়টি উত্থাপিত হতে পারে।
আরও পড়ুন:
এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে অ্যানথ্রপিক প্রধান, মাস্ক ও অল্টম্
এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প