জব্দ ফোন থেকে তথ্য নিতে নতুন এই টুলের ব্যবহার করছে চীন?
২০২৪ সাল থেকে চীনের নিরাপত্তা পুলিশের আইনি ক্ষমতা রয়েছে ফোন ও কম্পিউটার তল্লাশি করার। এজন্য তাদের কোনো ওয়ারেন্ট বা অপরাধ তদন্তের প্রয়োজন নেই।
জব্দ করা মোবাইল ফোন থেকে তথ্য বের করে আনতে নতুন এক ধরনের ম্যালওয়্যার টুল ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ।
সাইবার নিরাপত্তা কোম্পানি ‘লুকআউট’-এর গবেষকরা বলছেন, এই ম্যালওয়্যার টুল ব্যবহার করে ডিভাইসের মেসেজ, সিগনাল-এর মতো চ্যাটিং অ্যাপ থেকে শুরু করে ছবি, লোকেশন হিস্ট্রি, অডিও রেকর্ডিং, কনট্যাক্ট এবং আরও অনেক কিছু সংগ্রহ করছে তারা।
বুধবার এক প্রতিবেদনে ‘লুকআউট’ দাবি করেছে, ‘ম্যাসিস্ট্যান্ট’ নামের নতুন টুলটি তৈরি করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট ‘শামেন মেইয়া পিকো’।
লুকআউট বলছে, ম্যাসিস্ট্যান্ট এক ধরনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার, যা মোবাইল ফোন থেকে ফরেনসিক পদ্ধতিতে তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়, অর্থাৎ জব্দকৃত ফোনে প্রবেশাধিকার পেতে এ টুলটি ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ।
কোন কোন চীনা পুলিশ বিভাগ টুলটি ব্যবহার করছে লুকআউট সে বিষয়ে নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, দেশটি ব্যাপকহারে এ টুলের ব্যবহার চালাচ্ছে। ফলে চীনের নাগরিকদের পাশাপাশি চীনে ঘুরতে যাওয়া বিদেশিদের এ টুলটির সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সচেতন থাকা উচিত বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
ম্যালওয়্যারটি নিয়ে বিশ্লেষণ করছেন লুকআউট-এর গবেষক ক্রিস্টিনা বালাম। তিনি বলেছেন, “এটি বড় এক উদ্বেগের বিষয়। আমার মনে হয় যারা এ অঞ্চলে ভ্রমণ করছেন তাদের সচেতন থাকা উচিত। কারণ, যে ডিভাইসটি সঙ্গে নিয়ে তারা সেখানে যাচ্ছেন সেটি জব্দ হতে পারে ও এতে থাকা যে কোনো তথ্য সংগ্রহও করতে পারে চীনা কর্তৃপক্ষ।
“আমার ধারণা, এ অঞ্চলে যারা ভ্রমণ করছেন তাদের প্রত্যেকেরই বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া উচিত।”
চীনের স্থানীয় বিভিন্ন চীনা ফোরামে বেশ কিছু পোস্ট পেয়েছেন বালাম, যেখানে মানুষ অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে যোগাযোগ বা জিজ্ঞাসাবাদের পর তাদের ডিভাইসে ওই ম্যালওয়্যারটি ইনস্টল হয়েছে।
‘শামেন মেইয়া পিকো’র ওয়েবসাইটে এ সিস্টেমের দেওয়া বিবরণ ও ছবি অনুসারে, ম্যালওয়্যারটি আনলক করা কোনো ডিভাইসে ইনস্টল করার পর ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে সংযোগ থাকা হার্ডওয়্যার টাওয়ারের সাহায্যে কাজ করে এটি।
বালাম বলেছেন, ওই ম্যালওয়্যারের ডেস্কটপ অংশটি বুঝতে পারেনি লুকআউট। গবেষকরা এমন কোনো ম্যালওয়্যারও খুঁজে পাননি, যা অ্যাপল ডিভাইসের জন্য কাজ করে। তবে ‘শামেন মেইয়া পিকো’র ওয়েবসাইট অনুসারে, আইফোনের সঙ্গে কাজ করা হার্ডওয়্যার ডিভাইস তৈরি করেছে তারা। যার থেকে ইঙ্গিত মেলে, তাদের কাছে হয়ত এমন এক ম্যাসিস্ট্যান্টের সংস্করণ আছে, যা অ্যাপল ডিভাইস থেকেও তথ্য নিতে পারে।
২০২৪ সাল থেকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশের আইনি ক্ষমতা রয়েছে ফোন ও কম্পিউটার তল্লাশি করার। এজন্য তাদের কোনো ওয়ারেন্ট বা সক্রিয় অপরাধ তদন্তের প্রয়োজন হয় না বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
বালাম বলেছেন, “সীমান্ত চেকপয়েন্ট পার হওয়ার সময় কারো ডিভাইস জব্দ করা হলে তাকে সেটিতে প্রবেশাধিকার দিতে বাধ্য হতে হয়। আমার মনে হয় না, আইনি নজরদারি বিভিন্ন টুলে আমরা সত্যিকারের কোনো জটিল হ্যাকিং পদ্ধতি দেখতে পাই। কারণ, তাদের সেটি করার দরকারই নেই।”
লুকআউট-এর মতে, ম্যাসিস্ট্যান্ট হচ্ছে একই কোম্পানির মোবাইল ফরেনসিক টুল ‘এমএসস্টক’-এর উত্তরসূরী, যেটিও তৈরি করেছে ‘শামেন মেইয়া পিকো’ এবং টুলটি নিয়ে ২০১৯ সালে বিশ্লেষণ করেছিলেন নিরাপত্তা গবেষকরা।
চীনের ডিজিটাল ফরেনসিক বাজারের প্রায় ৪০ শতাংশ দখল করে আছে কোম্পানিটি। চীনা সরকারের কাছে নিজেদের প্রযুক্তি সরবরাহের কারণে ২০২১ সালে ‘শামেন মেইয়া পিকো’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সরকার।
ম্যালওয়্যার টুলের বিষয়ে টেকক্রাঞ্চের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি ‘শামেন মেইয়া পিকো’।
