১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যানথ্রপিকে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফট-এনভিডিয়ার

অ্যানথ্রপিকে ১ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে মাইক্রোসফট। এরইমধ্যে এআই কোম্পানিটিতে ৫০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এনভিডিয়া।

অ্যানথ্রপিকে ১৫০০ কোটি ডলার বিনিয়োগ মাইক্রোসফট-এনভিডিয়ার
বর্তমানে একে অপরকে সমর্থন করতে শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন এআই কোম্পানি। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির পর এবার আরেক এআই কোম্পানি অ্যানথ্রপিকেও মোটা অংকের বিনিয়োগ করছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

কোম্পানিটি বলেছে, অ্যানথ্রপিকে ১ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করবে তারা। এরইমধ্যে এআই চ্যাটবট ক্লড নির্মাতা কোম্পানিটিতে ৫০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া।

কোম্পানি দুটির এই মোটা অংকের বিনিয়োগের চুক্তি থেকে ইঙ্গিত মেলে, এআই খাতে এখন অনেক অর্থ ঢালছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। ফলে ‘এআই বুদ্বুদ’ তৈরি হচ্ছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

এ চুক্তির অংশ হিসাবে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং সক্ষমতা থেকে ৩ হাজার কোটি ডলার কেনার প্রতিশ্রুতি দিয়েছে অ্যানথ্রপিক। এআই কোম্পানিটি বলেছে, অতিরিক্ত সক্ষমতাও নেবে তারা, যার পরিমাণ এক গিগাওয়াট পর্যন্ত হতে পারে।

মাইক্রোসফট-অ্যানথ্রপিকের মধ্যে চুক্তির ফলে ক্লডের বিভিন্ন মডেল ব্যবহার করতে পারবেন ‘মাইক্রোসফট ফাউন্ড্রি’র গ্রাহকরা। এসব মডেলের মধ্যে রয়েছে ‘সনেট ৪.৫’, ‘অপাস ৪.১’ ও ‘হাইকু ৪.৫’।

এনভিডিয়ার হার্ডওয়্যারের জন্য অ্যানথ্রপিকের বিভিন্ন এআই মডেলকে উন্নত করতে একসঙ্গে কাজ করবে এনভিডিয়া-অ্যানথ্রপিক। ভবিষ্যতে চিপ নির্মাতা কোম্পানিটির নতুন প্রযুক্তি ও হার্ডওয়্যার যন্ত্রপাতি এআইয়ের জন্য উন্নত ও সেই উন্নত প্রযুক্তি ব্যবহার করবে এই জুটি।

এনগ্যাজেট লিখেছে, এসব এমন সময়ে ঘটছে যখন ওপেনএআইয়ের সঙ্গে নিজেদের চুক্তি নবায়ন করেছে মাইক্রোসফট। সেই চুক্তিতে ওপেনএআই কেবল মাইক্রোসফটের সঙ্গেই সীমাবদ্ধ নয়। এর সুস্পষ্ট ফল দেখতে খুব বেশি সময়ও লাগেনি, যেখানে এ মাসের শুরুতে মার্কিন ই কমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে ৩ হাজার ৮০০ কোটি ডলারের ক্লাউড চুক্তি করেছে চ্যাটজিপিটি নির্মাতা।

এদিকে, গত সপ্তাহে অ্যানথ্রপিক বলেছে, ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস’ বা এডব্লিউএস এআই চিপ ব্যবহার করবে তারা। কারণ এআই কোম্পানিটিতে অতিরিক্ত ৪শ কোটি ডলার বিনিয়োগ করেছে অ্যামাজন।

বর্তমানে একে অপরকে সমর্থন করতে শত কোটি ডলার বিনিয়োগ করছে বিভিন্ন এআই কোম্পানি, যা অনেকটা ‘টু স্পাইডার ম্যান’ মিমের মতো। এ ধরনের বিনিয়োগের ধারা থেকে ভবিষ্যতে কতটা লাভ হবে তা অনিশ্চিত।

বর্তমানে বলা কঠিন, এ পরিস্থিতি কীভাবে শেষ হবে। তবে এ বিষয়ে এনভিডিয়ার বৃহস্পতিবারের আয়ের প্রতিবেদন হয়ত আরও স্পষ্টতা আনতে পারে।