১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই এআই জায়ান্টের পর এবার অন্য সিস্টেমে ঢুকেছে এআই এজেন্ট

উন্নত এআই প্রযুক্তি বৈশ্বিক সাইবার সুরক্ষার ক্ষেত্রে নতুন মাত্রার হুমকি তৈরি করতে পারে– এমন আশঙ্কাকেই সত্যি করে তুলছে নিরাপত্তা লঙ্ঘনের এসব ঘটনা।

দুই এআই জায়ান্টের পর এবার অন্য সিস্টেমে ঢুকেছে এআই এজেন্ট
এ ঘটনায় জড়িত মডেলটি ছিল মেটার সবচেয়ে আলোচিত ‘মিউজ স্পার্ক ১.১’। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 09:34 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

এআই কোম্পানিদ্বয়, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের পর এবার সাইবার নিরাপত্তা পরীক্ষার সময়ে অন্য এক কোম্পানির সিস্টেমে অনুমতি ছাড়া প্রবেশ করেছে শক্তিশালী এক এআই মডেল। এবারের অপরাধী মেটার তৈরি এক এজেন্ট।

সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় এ ঘটনা ঘটেছে বলে বুধবার বলেছে মেটা।

প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের এজেন্ট একই ধরনের ঘটনা ঘটনার পর এবার মেটার তৈরি এজেন্টের বেলাতেও তা ঘটায় নতুন করে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এআই প্রযুক্তি উদ্ভাবকরা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে ওঠা এসব সিস্টেমকে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন সে প্রশ্নটি এসব উদ্বেগের কেন্দ্রে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

মেটা ও অ্যানথ্রপিকের ঘটনা দুটি অভ্যন্তরীণ কনফিগারেশন বা সেটআপের ভুলের কারণে ঘটেছিল, যা অনিচ্ছাকৃতভাবেই মডেলগুলোকে খোলা ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে।

অন্যদিকে, ওপেনএআইয়ের ক্ষেত্রে পরিস্থিতি ছিল ভিন্ন। সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় তাদের একটি এআই এজেন্ট নিজস্ব বুদ্ধিমত্তায় অজানা এক নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে নিজেই ইন্টারনেটে প্রবেশ করতে পেরেছে।

উন্নত এআই প্রযুক্তি বৈশ্বিক সাইবার সুরক্ষার ক্ষেত্রে নতুন মাত্রার হুমকি তৈরি করতে পারে – পর পর ঘটে যাওয়া এসব নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এমন আশঙ্কাকেই সত্যি করে তুলছে।

কোম্পানিগুলোর মধ্যে যখন একে অপরের চেয়ে আরও বেশি সক্ষমতাওয়ালা মডেল তৈরির প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন এসব ঘটনা এআই নিরাপত্তা নিশ্চিতকরণে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও জোরদার করতে বাধ্য করবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

শীর্ষস্থানীয় বেশ কয়েকজন এআই গবেষক বলেছেন, “শক্তিশালী ও সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত এআই প্রযুক্তির এই অনিয়ন্ত্রিত উন্নয়নের গতি কিছুটা কমিয়ে আনা উচিত।”

বিবৃতিতে মেটা বলেছে, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ‘ইরেগুলার’ নামের এক কোম্পানি মেটার এআই সিস্টেমের নিরাপত্তার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল। তবে পরীক্ষার সময় কারিগরি ভুলের কারণে মডেলটি ভুলবশত ইন্টারনেট সংযোগ পেয়ে যায়।

ঘটনার বিশদ ব্যাখ্যায় মেটা তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, “মডেলটি থার্ড-পার্টি পরিষেবার নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়েছিল, যা সাম্প্রতিক সময়ে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনার মতোই একটি রূপ।”

সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন প্রযুক্তি ও বাণিজ্য সংবাদমাধ্যম ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, এ ঘটনায় জড়িত মডেলটি ছিল মেটার সবচেয়ে আলোচিত ‘মিউজ স্পার্ক ১.১’। মেটা এতদিন এ মডেলটিকে বাস্তবমুখী কোডিং ও অটোনমাস এজেন্টিক কাজের জন্য নিজেদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রচার করে আসছে।

ইনফরমেশনের প্রতিবেদনে আরও প্রকাশ পেয়েছে, মডেলটি এক অজ্ঞাত কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমে ঢুকে পড়েছিল এবং কেবল অনুপ্রবেশ করেই ক্ষান্ত হয়নি, বরং সেখানকার অভ্যন্তরীণ পরিবেশ ও সেটিংসেও পরিবর্তন এনেছিল।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরেগুলারের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাটি ‘টেস্ট বা মূল্যায়ন-পরিবেশের একটি কারিগরি ত্রুটি, যা গত সপ্তাহে অ্যানথ্রপিকের ক্ষেত্রেও একইভাবে প্রকাশ পেয়েছিল’।

তিনি বলেছেন, এতে কোনো ধরনের ‘স্যান্ডবক্স এস্কেপ বা জটিল সাইবার আক্রমণের ঘটনা ঘটেনি’।

ইরেগুলার তাদের বিবৃতিতে বলেছে, “বর্তমানে এই সংক্রান্ত আর কোনো সমস্যা বা জটিলতা নেই। সাইবার নিরাপত্তা মূল্যায়নের সময় এআই মডেলগুলোকে কীভাবে নিরাপদে আটকে রাখা ও সুরক্ষা নিশ্চিত করা যায় সে বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ নিয়ে ইরেগুলার শিগগিরই একটি হোয়াইট পেপার প্রকাশ করবে।”

সাইবার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে

পর পর ঘটে যাওয়া এসব নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এআই মডেলগুলো দিন দিন যেভাবে আরও শক্তিশালী হয়ে উঠছে সেগুলোকে ব্যবহার করে ভবিষ্যতে কোনো বড় ধরনের সাইবার আক্রমণ চালানো বা সহায়তা করা সম্ভব কি না তা নিয়েও চলছে জোর আলোচনা।

রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলদের একটি প্রতিনিধি দল ওপেনএআই’কে তাদের ‘হাগিং ফেইস’ সংক্রান্ত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার সঙ্গে সম্পর্কিত সব নথি সংরক্ষণের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে।

জবাবে ওপেনএআই বলেছে, তারা এই অনুরোধকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পুরো ঘটনাটির উপর বিস্তারিত এক প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করবে।

এ সপ্তাহের শুরুতে এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন এক ঐচ্ছিক সাইবার নিরাপত্তা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করার জন্য শীর্ষস্থানীয় বিভিন্ন এআই কোম্পানিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানায়।

এ বৈঠকে মেটা, অ্যানথ্রপিক, ওপেনএআই ও গুগলের মতো মার্কিন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এসব কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে এআই মূল্যায়নের কিছু অপ্রকাশিত নিয়ম নিয়ে আলোচনা করেছে মার্কিন প্রশাসন।

তবে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মেটার ‘লামা’ বা এনভিডিয়ার ‘নেমোট্রন’-এর মতো ‘ওপেন-ওয়েট’ বিভিন্ন এআই মডেলকে আপাতত এ প্রস্তাবিত ঐচ্ছিক নিরাপত্তা পরীক্ষার আওতায় আনা হবে না।

আরও পড়ুন…

নিজেই ভুয়া পরিচয় বানিয়েছে ওপেনএআই, অ্যানথ্রপিক

নিরাপত্তা বলয় বারবার ভেঙে ফেলছে ওপেনএআইয়ের এআই

এবার অনুমতি ছাড়া ৩ কোম্পানির সিস্টেমে অ্যানথ্রপিকের এআই

সাইবার হামলা করল এআই, নির্মাতা বলছে 'পরীক্ষা ছিল'